বিজ্ঞাপন

জার্মানির প্রধান কোচ হয়েই পদত্যাগের হুমকি ক্লপের!

জার্মানির প্রধান কোচ হয়েই পদত্যাগের হুমকি ক্লপের!

জার্মানির প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব নিয়েছেন। প্রথমবার কোনো জাতীয় দলের কোচ হলেন তিনি। আর দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের হুমকি দিলেন লিভারপুলের সাবেক কোচ।

ক্লপ জানিয়েছেন, গণমাধ্যম তার পরিবারের গোপনীয়তায় হস্তক্ষেপ করলে এক মুহূর্তও তিনি প্রধান কোচ থাকবেন না। গত বিশ্বকাপে শেষ ৩২ এ প্যারাগুয়ের কাছে জার্মানি হারের পর জুলিয়ান নাগেলসম্যান পদত্যাগ করেন। শুক্রবার তার জায়গায় এলেন ক্লপ। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি।

কিন্তু চার বছরের চুক্তি শেষ হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে। ৫৯ বছর বয়সী জার্মানি প্রধান কোচ তার প্রথম সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে উদ্দেশ্য করে হুমকি দিলেন।

ক্লপ বলেন, ‘আপনারা যদি দুর্ব্যবহার করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, আমি চলে যাব। আমি আপনাদের পিঠ দেখাব। আমি জানি অন্য দেশে জাতীয় দলের কোচের সঙ্গে আরো বাজে আচরণ করা হয়। আমি এই কাজ ভালোবাসি। কিন্তু যদি প্রয়োজন পড়ে, তাহলে আমি পদত্যাগ করার জন্য সবসময় প্রস্তুত আছি।’

নাগেলসম্যানের পদত্যাগের পর থেকেই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ক্লপ। স্পেন, পর্তুগাল ও মরক্কোতে হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার অধীনে খেলবে জার্মানি। তিনি যোগ করলেন, ‘জাতীয় দলের পর ইয়ুর্গেন ক্লপের আর কোনো ক্যারিয়ার নেই। এটাই সর্বোচ্চ শিখর। কোচ হিসেবে আমার ফুটবল ক্যারিয়ারের এটাই শীর্ষবিন্দু। আমি আমার সর্বস্ব উজাড় করে দিবো।’

এফএইচএম