বিজ্ঞাপন

জাতীয় দলের ডাকে সাড়া দিলেন না আলজারি জোসেফ

জাতীয় দলের ডাকে সাড়া দিলেন না আলজারি জোসেফ

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বোর্ড থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচন প্রত্যাখ্যান করেছেন গতি তারকা অ্যালজারি জোসেফ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ ড্যারেন স্যামি।

পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণার সময় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে জোসেফকে নির্বাচন করা সম্ভব হয়নি। তবে প্রথম টেস্ট শুরু হওয়ার দুই দিন আগে ব্রায়ান লারা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্যামি জানালেন আসল রহস্য।

আলজারি জোসেফের না খেলা নিয়ে স্যামি বেশ স্পষ্টভাষী ও কিছুটা হতাশ ছিলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, এটি দলের জন্য বড় একটি ক্ষতি। জোসেফ নিজ থেকেই এই সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং দল নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। এটাই বর্তমান বাস্তবতা। তিনি ইনজুরি কাটিয়ে ফিরছিলেন এবং তাকে স্কোয়াডে রাখাও হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কিছু কারণে তিনি খেলায় অস্বীকৃতি জানিয়েছেন।’

চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এভাবে নিজ থেকে দল নির্বাচন প্রত্যাখ্যান করা নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের দিকে আঙুল তুলে স্যামি আরও বলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার ক্ষমতার সম্পূর্ণ বাইরে। যেসব খেলোয়াড় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে, তারা কীভাবে দল নির্বাচন প্রত্যাখ্যান করতে পারে? সেটির সমাধান খোঁজার দায়িত্ব আমি ক্রিকেট বোর্ড বা পরিচালকদের ওপরই ছেড়ে দিচ্ছি।’

গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ৬টি উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ৪১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন জোসেফ। তার মতো ফর্মে থাকা পেসার না থাকা উইন্ডিজ শিবিরের জন্য বড় ক্ষতি হলেও ২০টি উইকেট তোলার মতো বোলিং আক্রমণ এখনও দলে রয়েছে বলে মনে করেন স্যামি।

জোসেফ না থাকলেও পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয় পেস আক্রমণের হাল ধরবেন শামার জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস এবং দুই অলরাউন্ডার জাস্টিন গ্রেভস ও কিমো পল। স্পিন বিভাগে রোস্টন চেসের সঙ্গে থাকছেন জোমেল ওয়ারিকান ও নতুন মুখ জশুয়া বিশপ।

আগামী ২৬ জুলাই শনিবার তারৌবায় সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট পোর্ট অব স্পেনে।

এমএমএম/