বিজ্ঞাপন

জেতার তাড়নায় পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভুলেই গিয়েছিল দল: সুজন

জেতার তাড়নায় পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভুলেই গিয়েছিল দল: সুজন

বাংলাদেশের পেসারদের যেন ‘ইনজুরির দশা’ শুরু হয়েছে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে তিনজন পেসার ইনজুরিতে পড়েছেন। নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান আছেন এই তালিকায়। জিম্বাবুয়ে সফরে তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা যেত কি না, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, ‘সেটা (ওয়ার্কলোড ম্যানেজমেন্ট) করা যেতে পারতো। শেষ পর্যন্ত তো মুস্তাফিজ, নাহিদ সবাই চোটে পড়েছে। তবে হ্যাঁ, জিম্বাবুয়ে সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা যেত। বিশেষ করে আমার মনে হয়, ওয়ানডেতে আমরা সেটা করতে পারতাম। টি-টোয়েন্টিতেও পারতাম।’

সুজন মনে করেন টেস্টে হারের পর বাকি সিরিজে জিততে মরিয়া ছিল বাংলাদেশ। এর ফলেই মূল পেসারদের খেলতে হয়েছে সীমিত ওভারের সিরিজে, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা যেত। কিন্তু প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরই আমরা ওয়ানডে সিরিজে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। সম্ভবত সে কারণেই সিরিজ জেতার জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভুলে গিয়েছিল।’

সুজন আরো যোগ করেন, ‘যদি নাহিদ ইনজুরির কারণে না খেলতে পারে... ফাস্ট বোলারদের ইনজুরি, এটা প্রায়ই ঘটার মতো একটা ব্যাপার আসলে। আমি মনে করি যে, যদি নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা ধাক্কা। কিন্তু তারপরও আমার মনে হয় ইনজুরি যদি বেশি গুরুতর হয়ে থাকে, ওকে একটু সময় দেওয়া উচিত। আমি মনে করি, ও হয়তো সেরে উঠবে। যদি খেলতে পারে, তাহলে খুবই ভালো। আর না খেললেও আমাদের বাকি যারা আছে, তারাও সক্ষম।’

এসএইচ/এফএইচএম