বিজ্ঞাপন

রেকর্ড ট্রান্সফার ফি-তে সত্যিই কি রিয়ালে আসছেন ওলিসে?

রেকর্ড ট্রান্সফার ফি-তে সত্যিই কি রিয়ালে আসছেন ওলিসে?

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফরর্ম করার পর গ্রীষ্মকালীন দলবদল বাজারের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে। গুঞ্জন ছড়িয়েছে, ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে ২০০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিয়ে এই ফরাসি উইঙ্গারকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।

বিশ্বকাপে ওলিসের সঙ্গে অসাধারণ রসায়ন গড়ে তুলেছিলেন কিলিয়ান এমবাপে। ওলিসের বাড়াসো পাস থেকেই টুর্নামেন্টে ৫টি গোল করেন তিনি। রিয়ালের নতুন কোচ হোসে মরিনহোর সিস্টেমে ওলিসে নিখুঁত ফিট হবেন—এমনটি ভেবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ওলিসেকে কেনার জন্য এমবাপ্পে জোরালো সুপারিশ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

রিয়াল সভাপতি পেরেজ তার পুনর্নির্বাচনী প্রচারণার সময় ১৫০ মিলিয়ন ইউরো খরচ করে এক মহাতারকাকে দলে ভেড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও তিনি প্রকাশ্যে ওলিসের নাম অস্বীকার করেছিলেন, তবুও ফুটবল বিশ্বে তাকে নিয়ে জল্পনা থামেনি।

জল্পনা মাত্রা ছাড়িয়ে গেলে রিয়াল মাদ্রিদ বাধ্য হয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ওলিসে বা তার প্রতিনিধির সাথে ক্লাবটি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ করেনি। একই সাথে বায়ার্ন মিউনিখের সাথে নিজেদের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এসব গুজবকে ভিত্তিহীন বলে আখ্যা দেয় তারা।

বায়ার্ন মিউনিখ তাদের এই সেরা তারকাকে কোনো অবস্থাতেই বিক্রি করতে রাজি নয়। ক্লাবের শীর্ষ এক কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, ‘ওলিসে অমূল্য। ৫০০ মিলিয়ন ইউরো দিলেও তাকে ছাড়া হবে না।’

এমএমএম/