আর্জেন্টিনায় ট্রায়াল দিতে গিয়েছিলেন মারিও ব্রুনো বেন্তানকোর। পেনারোলের ২২ বছর বয়সী সাবেক এই ফুটবলার সেখানে চুরির শিকার হন। এর কয়েকদিন পর এই উরুগুয়ান ফুটবলারের মরদেহ পাওয়া গেছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
ফরাসি নেটওয়ার্ক আরএমসি রিপোর্ট করেছে, সম্প্রতি প্রথম বিভাগীয় দল দেপোর্তিভো রিয়েস্ত্রার সঙ্গে ট্রায়াল দিতে বুয়েন্স আয়ার্সে গিয়েছিলেন বেন্তানকোর। কিন্তু তার প্রথম পেশাদার ক্লাবে চুক্তির স্বপ্ন ভেঙে যায়। তাকে ফিরিয়ে দেয় ক্লাবটি।
বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে, এই উরুগুয়ান স্ট্রাইকার তার সঙ্গে থাকা আরো কয়েকজন ট্রায়ালিস্টের বিরুদ্ধে তার কাপড় চুরির অভিযোগ করেন। পরে আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে কোনো সম্মতি ছাড়াই দেশে ফেরেন।
পেনারোলের যুব দলে খেলেছেন বেন্তানকোর। ক্লাবটির অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে মনে করা হয়েছিল তাকে। পরে উরুগুয়ের অপেশাদার চ্যাম্পিয়নশিপের ক্লাব দেপোর্তিভো ইতালিয়ানোতে যোগ দেন। ক্লাবটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আবেগঘন বার্তা দিয়েছে, ‘প্রত্যেক গোল উদযাপনে তোমাকে বাঁচিয়ে রাখা হবে, এই ক্লাবের প্রত্যেকের হৃদয়ে থাকবে তুমি, তোমার ক্লাব দেপোর্তিভো ইতালিয়ানো। শান্তিতে ঘুমাও।’
এফএইচএম
