বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই নতুন এক লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন রদ্রি। পিঠের সমস্যার কারণে সোমবার অস্ত্রোপচার করাতে হবে স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে। তবে তার ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছেন ম্যানচেস্টার সিটির নতুন কোচ এঞ্জো মারেস্কা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রদ্রিকে ঘিরে ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।
স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জিতে নেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
তবে জাতীয় দলের সাফল্যের বিপরীতে ক্লাব ফুটবলে গত দুই মৌসুম ছিল চোটের সঙ্গে লড়াইয়ের। ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর গত মৌসুমেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে নিয়মিত তাকে পায়নি ম্যানচেস্টার সিটি।
বিশ্বকাপে নিজের সেরা ছন্দে ফিরলেও ক্লাবে ফেরার আগে অস্ত্রোপচার করাতে হচ্ছে রদ্রিকে। শুক্রবার সিটির কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মারেস্কা, 'সোমবার তার অস্ত্রোপচার হবে। এরপর তার ছুটি দরকার, বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য সময় লাগবে। তারপর সে আমাদের সঙ্গে যোগ দিতে ফিরবে।'
তবে কবে নাগাদ রদ্রি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ইতালিয়ান কোচ। এরই মধ্যে গত সপ্তাহে রদ্রিকে ঘিরে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সেই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ মারেস্কা।
তিনি বলেন, 'বড় খেলোয়াড়দের ঘিরে সবসময়ই জল্পনা-কল্পনা থাকে, তাই এটা নিয়ে আমি চিন্তিত নই।'
এইচজেএস
