বিজ্ঞাপন

অভিষেক না হওয়ার হতাশায় একশব্দের রহস্যময় বার্তা, কে এই ‘কিড মেসি’?

অভিষেক না হওয়ার হতাশায় একশব্দের রহস্যময় বার্তা, কে এই ‘কিড মেসি’?

রোসেনবার্গের বিপক্ষে প্রাক মৌসুমের স্কোয়াডে নাম ছিল। কিন্তু সিনিয়র ফুটবলে অভিষেকের অপেক্ষা ঘুচল না। হতাশ ম্যানইউর বিস্ময়বালক জেজে গ্যাব্রিয়েল। সোশ্যাল মিডিয়ায় একশব্দের বার্তা দিয়ে এই ‘উপেক্ষার’ জবাব দিলেন ‘কিড মেসি’।

নরওয়েজিয়ান দলের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে ম্যানইউ। প্রশংসার সাগরে ভাসতে থাকা গ্যাব্রিয়েলকে এই ম্যাচে দেখার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু তাকে ব্যবহার করেননি মাইকেল ক্যারিক। বেঞ্চেই বসিয়ে রাখেন পুরোটা সময়।

ম্যাচডে স্কোয়াডে থাকার পর সিনিয়র দলে অভিষেক না থাকার আক্ষেপ প্রকাশে দেরি করেননি গ্যাব্রিয়েল। এই স্ট্রাইকারের দলে জায়গা না পাওয়ায় বিস্মিত ভক্ত-সমর্থকরা। ১৫ বছর বয়সী গ্যাব্রিয়েল একশব্দের বার্তায় যা বলার বলে দিয়েছেন। ইনস্ট্রাগ্রামে তিনি লিখেছেন, ‘ধৈর্য’। নরওয়েতে খেলার সুযোগ পাননি গ্যাব্রিয়েল। কিন্তু স্টেডিয়ামে অনেকের আকর্ষণ ছিল তাকে ঘিরে। সমর্থকরা লাইনে দাঁড়িয়ে তার সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফ চান। 

তা এই ‘কিড মেসি’ কে, আর তার অতীতই বা কী! আগামী অক্টোবরে ১৬তম জন্মদিন পালন করতে যাওয়া গ্যাব্রিয়েল চেলসি, আর্সেনাল ও ওয়েস্ট হ্যামের যুব দলে খেলেছেন। ২০২২ সালে ইউনাইটেডে যোগ দেন তিনি।

লিডসের বিপক্ষে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে দুটি গোল করে তাৎক্ষণিকভাবে ছাপ রাখেন গ্যাব্রিয়েল। পরে রুবেন আমোরিমের অধীনের প্রথম দলের স্কোয়াডের সঙ্গে অনুশীলনও করেন তিনি। পিটারবোরোর বিপক্ষে এফএ যুব কাপেও তার গোল ছিল। এছাড়া ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ দলকে প্রতিনিধিত্ব দিয়েছেন তিনি। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ প্রিমিয়ার লিগ ও এফএ যুব কাপে ২৯ ম্যাচে চার অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ২৬ গোল।

লন্ডনে জন্ম নেওয়া ও এনফিল্ডে বেড়ে ওঠা স্ট্রাইকার ইউটিউবে ভাইরাল হয়েছিলেন। ২০১৯ সালে ‘কিড মেসি’ হিসেবে নাম কুড়ান। 

এফএইচএম