বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতের তরুণদের নিয়ে কার্তিকের বার্তা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতের তরুণদের নিয়ে কার্তিকের বার্তা

নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতব্যাপী কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছিল।  শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে বড় সাফল্য পেয়েছে এই আন্দোলন। এর কয়েক ঘণ্টা পর ভারতের তরুণ প্রজন্মকে নিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন সাবেক ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দিনেশ কার্তিক।

আজ (শনিবার) সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজিপি) বৈঠক করেন। সব দাবি মেনে নেওয়ায় যৌথ ঘোষণায় তারা আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন এবং বিক্ষোভকারীদের বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। এক মাসের বেশি সময় ধরে তীব্র এ আন্দোলনের কারণে যন্তর মন্তরের আশপাশের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। এছাড়া জনাসমাগম আটকাতে সেখানকার ১৬-১৭টি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছিল।

বিশ্বজুড়ে আলোচিত এই আন্দোলনে বরাবর সরব ছিলেন কার্তিক। সবশেষ পোস্টে তিনি সরাসরি রাজনৈতিক পরিস্থিতি বা ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করেননি। তবে তরুণ ভারতীয়দের ‘স্পষ্ট চিন্তাভাবনা, পারস্পরিক সহযোগিতা ও নাছোড়বান্দা মনোভাবের’ প্রশংসা করেছেন সেই বার্তায়।

এক্স-এ এক পোস্ট দিয়ে কার্তিক লিখেছেন, ‘দিন শেষে আমরা সবাই উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্মের স্পষ্ট চিন্তাভাবনা, পারস্পরিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তি দেখে আমি মন্ত্রমুগ্ধ। ভবিষ্যৎ উজ্জ্বল এবং পরবর্তী প্রজন্ম আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। জয় হিন্দ।’

এর আগে শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংও এই আন্দোলন নিয়ে নিজেদের মতামত জানান। ছাত্রদের সমর্থন দিলেও দুজনেই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক দাবিগুলো নিয়ে নিরপেক্ষ অবস্থান নেন।

এফএইচএম