বিজ্ঞাপন

মাদ্রিদ ক্লাবে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান

মাদ্রিদ ক্লাবে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান

অবশেষে কাং-ইন লি অ্যাতলেটিকো মাদ্রিদে। এই চুক্তি ‘আগামীকাল হবে, আগামীকাল হবে’ করে করে দুই সপ্তাহ কেটে গেছে। মনে হচ্ছিল, সেই ‘আগামীকাল’ হয়তো কখনো আসবে না।

শনিবার এলো আকাঙ্ক্ষিত ঘোষণা। অ্যাতলেটিকো প্রথমবার কোনো দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল। পিএসজির সঙ্গে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ডিয়েগো সিমিওনের স্কোয়াডে যোগ দিচ্ছেন কাং-ইন। 

২৫ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। ২০২৩ সালে মায়োর্কা থেকে দলবদল করে পিএসজিতে তিন মৌসুম কাটান কাং-ইন। আন্তোয়ান গ্রিয়েজম্যানের সাত নম্বর জার্সি পরবেন তিনি।

২০১৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা কাং-ইন বাঁ পায়ের অসাধারণ কাজ জানেন। তার কৌশলগত দক্ষতা, স্ট্রাইকিংয়ের সামর্থ্য ও ড্রিবলিংয়ের শক্তি দিয়ে ইউরোপে নজর কেড়েছেন তিনি।

কাং-ইন দারুণ সম্ভাবনাময়ী একজন খেলোয়াড়। কিন্তু পিএসজিতে যোগ দিয়ে খেলার সময়ের অভাবে তার পূর্ণ বিকাশ ঘটেনি। এখন তিনি অ্যাতলেটিকোতে নিজের সম্ভাবনা দেখানোর আশা করতে পারে, যেখানে ডান প্রান্তে কিছুটা ঘাটতি রয়েছে। দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার বিপরীত উইংয়ে ইনসাইড ফরোয়ার্ড হিসেবে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। এই পজিশনে তিনি গোলের সুযোগ তৈরি করতে পারবেন এবং পাসও দিতে পারবেন। এছাড়া তিন জনের মিডফিল্ডের সামনে হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও নিজেকে মানিয়ে নিতে পারেন।

এই মিডফিল্ডার প্যারিসিয়ানদের হয়ে ১২৪টি ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ১৬টি গোল করেছেন এবং ১৬টি গোলে সহায়তা করেছেন। ফরাসি রাজধানীতে কাটানো তিন বছরে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং তিনটি লিগ ওয়ান শিরোপাসহ মোট ১২টি ট্রফি জিতেছেন।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও কাং-ইন দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেছেন। চেক রিপাবলিকের বিপক্ষে হোয়াং ইন-বিয়োমের প্রথম গোলটি তার বানিয়ে দেওয়া। দল গ্রুপ পর্ব পার করতে না পারলেও নতুন অ্যাতলেটিকো খেলোয়াড় তিন ম্যাচেই নজর কেড়েছেন। আন্তর্জাতিক মঞ্চে কাং-ইন ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক করেন এবং এখন পর্যন্ত ৫০টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন। 

নতুন মৌসুমের তৃতীয় চুক্তি হলেন এই দক্ষিণ কোরিয়ান। এর আগে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের ফুলব্যাক অ্যালেক্স গ্রিমালদো (টুর্নামেন্টে এক মিনিটও খেলেননি) ও ড্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার মররটেন হুলমান্দকে দলে টেনেছে মাদ্রিদ ক্লাব।

এফএইচএম