বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি

বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি

বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন আগে আর্জেন্টাইন স্কোয়াডে থাকা সতীর্থদের উপহার দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। যা আসর শেষ হওয়ার পর সামনে এসেছে ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকার সুবাদে। এক ভিডিওতে তিনি সেনেসির নাম লেখা কাস্টমাইজড ব্যাগ থেকে উপহার সামগ্রী বের করে দেখান।

কেলসি-রোজ বোয়ার্স নিজেও ইংলিশ ক্লাব বোর্নমাউথের একজন ডিফেন্ডার। দুই ফুটবলারের সম্পর্কের বিষয়টি বেশ আগে থেকেই প্রকাশ্যে ছিল। মেসির কাছ থেকে সেনেসির পাওয়া উপহারের বিষয়টিও বোয়ার্সই সামনে আনলেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে– দলের সব সতীর্থকে ওই উপহার দিয়েছেন মেসি।

বাদামি রঙের ওই ব্যাগের ওপর ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, আর ওপরের দিকে ‘মার্কোস সেনেসি’ নাম লেখা। ব্যাগের ভেতরে কী ছিল, তাও একে একে বলতে শুরু করেন সেনেসির বান্ধবী বোয়ার্স– ‘আমি দারুণ কিছু আপনাদের দেখাতে হবে, যা আপনারা পছন্দ করবেন। কাস্টম করা ব্যাগটি মার্কোস চ্যাম্পিয়নশিপ শেষে নিয়ে এসেছে এবং এতে তার নাম লেখা। এটি তার সতীর্থের কাছ থেকে, সকলকে দেওয়া মেসির উপহার।’

ব্যাগের ভেতরে ছিল সোনালী রঙের একটি থার্মাল ফ্লাস্ক (স্ট্যানলি থার্মোস), যা মেসির নিজস্ব ব্রান্ডের তৈরি। এরসঙ্গে মিলিয়ে একটি কাপ এবং চামচ দেওয়া হয়। এ ছাড়া আর্জেন্টিনার ঐতিহ্যবাহী চা পাতার (ইয়ার্বা) প্যাকেজ ছিল ওই ব্যাগে। উপহারগুলো দেখাতে দেখাতে বোয়ার্স বলতে থাকেন, ‘মার্কোস এসব আমাকে নিরাপদে রাখতে দিয়েছিল এবং বলেছিল মায়ামিতে গিয়ে যেন ফেরত দিই।’

ওই ভিডিও বেশ দ্রুতগতিতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সতীর্থদের দেওয়া মেসির উপহারের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা। এর মাধ্যমে বিশ্বকাপের সময়ে জাতীয় দলের অভ্যন্তরীণ পরিবেশের একটি বিশেষ দিক সবার সামনে উঠে আসে। দলের প্রতিটি সতীর্থের জন্য মেসির পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা ছিল দলটির অন্যতম প্রধান একটি রীতির প্রতীক।

প্রসঙ্গত, টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিক ও একের পর এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম লড়াইও দেখাতে পারেনি মেসি-আলভারেজরা। নিয়ন্ত্রিত ও পজেশন নির্ভর ফুটবলে প্রতিপক্ষকে প্রায় পুরো সময় আটকে রেখে ১০৬ মিনিটে ফেররান তোরেসের একমাত্র গোলে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে।

এএইচএস