বিজ্ঞাপন

দিওমান্দেকে দলে ভেড়ানোর চেষ্টায় রিয়াল, ভিনির ভবিষ্যৎ নিয়ে যা জানা গেল

দিওমান্দেকে দলে ভেড়ানোর চেষ্টায় রিয়াল, ভিনির ভবিষ্যৎ নিয়ে যা জানা গেল

দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদের সমর্থকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কয়েক দিন ধরেই ইউরোপজুড়ে নানা গুঞ্জনে বারবার উঠে আসছিল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নাম। প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট আর্সেনাল ও লিভারপুলের আগ্রহ, সঙ্গে রিয়ালের সম্ভাব্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি—সব মিলিয়ে ভিনিকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তার আবহ।

তবে সেই জল্পনায় আপাতত ইতি টানছে স্প্যানিশ দৈনিক এএস–এর সাংবাদিক মার্কো রুইজের প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, সবকিছু বিবেচনায় নিয়ে ভিনিসিয়ুস এখন রিয়াল মাদ্রিদেই নিজের ভবিষ্যৎ দেখছেন। একই অবস্থানে রয়েছে ক্লাব কর্তৃপক্ষও।

প্রতিবেদন অনুযায়ী, আইভরি কোস্টের উদীয়মান উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর চেষ্টা করলেও ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। বরং ক্লাব স্পষ্ট করে দিয়েছে, দিওমান্দেকে আনার সঙ্গে ভিনিসিয়ুসকে ছাড়ার কোনো সম্পর্ক নেই। উল্লেখযোগ্য বিষয় হলো, দুই ফুটবলারের এজেন্টও একই ব্যক্তি।

২০২৭ সালে শেষ হবে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি। সেই কারণেই তার পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছিল ইউরোপের একাধিক বড় ক্লাব। আর্সেনাল আগ্রহ দেখিয়েছিল, আর লিভারপুলও ২০২৭ সালে ফ্রি ট্রান্সফারে এই ব্রাজিলিয়ানকে দলে নেওয়ার পরিকল্পনা করছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। তবে ভিনির নিজের ইচ্ছা রিয়াল মাদ্রিদের সঙ্গেই পথচলা দীর্ঘ করা।

ছুটি শেষে ক্লাবে ফিরেই নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে ভিনিসিয়ুসের। নতুন প্রধান কোচ হোসে মরিনিয়োর অধীনে তার ভূমিকা কী হবে এবং বিশ্বমানের তারকা হিসেবে নতুন পারিশ্রমিকের কাঠামো কেমন হবে—এসব বিষয় নিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন তিনি।

নতুন চুক্তিতে ভিনিসিয়ুস বছরে প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) ইউরো পারিশ্রমিক চাইতে পারেন। ২০২২ সালে স্বাক্ষরিত বর্তমান চুক্তি অনুযায়ী তিনি বছরে গড়ে ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ইউরো পান। এর সঙ্গে ‘দ্য বেস্ট’ পুরস্কার জয়ের পর যোগ হয়েছে আরও ২০ লাখ (২ মিলিয়ন) ইউরোর বিশেষ বোনাস।

এইচজেএস