বিজ্ঞাপন

হাতাহাতি থামাতে যাওয়া কাল হলো নারী রেফারির

হাতাহাতি থামাতে যাওয়া কাল হলো নারী রেফারির

ফ্রান্সের একটি প্রীতি ক্লাব ফুটবল ম্যাচ চলাকালে পুরুষ খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়েছিলেন নারী রেফারি মাথিল্ড ডেমোনকে। ফুটবলারদের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে ভারসাম্য ধরে রাখতে পারেননি তিনি। মাটিতে পড়ে যান এবং মাথার পেছনে আঘাত লেগে অজ্ঞান হয়ে যান।

শনিবার ফ্রান্সের মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই অভূতপূর্ব ঘটনা ঘটে। প্রথমার্ধের শেষ দিকে দুই খেলোয়াড়ের বল দখলের সময় হঠাৎ করে ধাক্কাধাক্কি শুরু হয়। মাঠের সব খেলোয়াড় তাতে জড়িয়ে পড়েন।

তাদের থামাতে ছুটে আসেন ডেমোনকে। কিন্তু জটলার মধ্যে নিজেকে সামলাতে পারেননি। মাটিতে পড়ে যান। আকস্মিক এই দুর্ঘটনায় খেলোয়াড়রা হাতাহাতি ভুলে যান। মাঠে ছুটে আসেন চিকিৎসাকর্মীরা।

কিছুক্ষণের মধ্যে ডেমোনকের জ্ঞান ফেরে। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ম্যাচ অফিসিয়াল টিম। তাকে টাচলাইনে নেওয়া হয়, পরে প্রথমার্ধ শেষে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ম্যাচের বাকি সময় মাঠে ছিলেন সহকারী রেফারিদের একজন। ফরচুনা বিরতির আগে ১-১ গোলে সমতা ফেরায়। তবে মেৎজ ৩-১ গোলে জিতে যায় ম্যাচটি।

এফএইচএম   

বিজ্ঞাপন