বিজ্ঞাপন

সূর্যবংশী মানেই রেকর্ড, জিম্বাবুয়ে সিরিজে হলো আরেকটি

সূর্যবংশী মানেই রেকর্ড, জিম্বাবুয়ে সিরিজে হলো আরেকটি

বৈভব সূর্যবংশী দারুণ এক ইনিংস খেলেন, আর রেকর্ড নিয়ে ঘাঁটাঘাটি শুরু হয়। জিম্বাবুয়ের বিপক্ষে তার চমৎকার আরেকটি ইনিংসে হয়ে গেল আরেকটি রেকর্ড।

হারারেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছে ভারত। দলের ব্যাটিং সেনসেশন সূর্যবংশী সিরিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন। তাতে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি।

অবশ্য এই ফিফটি করার পথে বেশ সাবধানী ছিলেন সূর্যবংশী। ৩১ বলে ৬ চার ও ২ ছয়ে পঞ্চাশ করেন তিনি। ভারতকে ১৯২ রান এনে দিতে ৪৯ বলে ৮১ রান করেছেন এই ব্যাটার। ১৫ বছর বয়সী ব্যাটারের ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছয়।

এই ফিফটিতে সূর্যবংশী একটি রেকর্ড গড়েছেন। আইসিসির পূর্ণ সদস্য দেশের একমাত্র ব্যাটার হিসেবে বয়স ১৬ বছর হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে চারটি করে চার ও ছয়ে ৫০ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার। 

সূর্যবংশীর আগে ১৬ বছর বয়স না হতেই একমাত্র ক্রিকেটার হিসেবে ফিফটি করেছিলেন নেপালের কুশল মাল্লা। প্রথম ম্যাচেই ফিফটি করে তাকে ছোঁন ভারতীয় ব্যাটার। এবার ছাড়িয়ে গেলেন তাকে।

এফএইচএম