গল গ্যালান্টসের হয়ে এলপিএলে অভিষেক হয়েছে নুরুল হাসান সোহানের। গতকাল প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ১৩ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে দলকে ভালো শুরু এনে দেন বাংলাদেশি ব্যাটার। এদিন ওপেনিংয়ে স্যাম হার্পারের সঙ্গে নামানো হয়েছিল সোহানকে।
১ ছক্কার সাথে ৩ চারে ১৩ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান সোহান। ম্যাচ শেষে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন ম্যাচের নানা দিক নিয়ে। সোহান বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো, সব থেকে ভালো লাগছে যে দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং ম্যাচটা জিততে পেরেছি। সকালেই জানতে পেরেছি (খেলতে হবে)। কোচ ও দাসুনের (শানাকা) সঙ্গে কথা হয়েছে। আমাদের ওপেনিং বা টপ অর্ডারে একটু ভালো শুরু দরকার ছিল। আলহামদুলিল্লাহ দলের জন্য ওটা করতে পেরেছি।’
বেশি স্ট্রাইকরেট থাকার ব্যাপারে সোহান বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দলও ভালো করছে। আশা থাকবে যেন ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি। (দলের ২২০ রানের পুঁজি রেকর্ড) এটা জানলাম আপনার কাছ থেকে। ভালো লাগছে যে দল জিততে পেরেছে। লিগে আরও ২ ম্যাচ আছে। যেন ভালোভাবে খেলতে পারি।’
এলপিএলে বাংলাদেশিদের পারফরম্যান্স প্রসঙ্গে সোহান বলেছেন, ‘অন্য যেকোনো দেশের থেকে বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, এটা আসলে অন্যরকম। প্রকাশ করার মতো না। খারাপ খেললে আমাদেরও খারাপ লাগে। ভালো করলে অবশ্যই প্রথমে তাদের কথাই মনে পড়ে। ভিন্ন পরিবেশ। চেষ্টা করছি ভালো করার। ভালো টুর্নামেন্ট, শেষটা যেন ভালো করতে পারি।’
সোহান আরও বলেছেন, ‘চিন্তা এটাই ছিল যাতে শুরুটা ভালো হয় এবং যেন মোমেন্টাম আমাদের দিকে আসে। দাসুন, (মোহাম্মদ) নওয়াজ, শেষ দিকে করুণারত্নে সবাই ভালো ফর্মে আছে। শেষ দিকে ভালো আছে সবাই, উপর থেকে ভালো শুরু হলে আরও ভালো হয়।’
এসএইচ/এফএইচএম
