আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করলেও, বাংলাদেশকে যেতে হচ্ছে অনেকটা ব্যাক-আপ টিম নিয়েই। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চোট এর অন্যতম কারণ। চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন দলের তিন তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তিন তারকা ক্রিকেটার ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৫ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। এ ছাড়া ২৮ মাস পর ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। তবে এই সিরিজের দল প্রস্তুত করতে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বাশার বলছিলেন, 'চোটের কারণে যে অবস্থা হয়েছে, এটা খুবই চ্যালেঞ্জিং। শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। কেউ দুটো টেস্ট না পারুক একটা টেস্ট যদি পারে, মেইন প্লেয়ার যারা। সেটার জন্য অপেক্ষা করেছি।'

'আমরা দল দিতে চেয়েছিলাম সপ্তাহখানেক আগে। যে তিনটা ফরম্যাটের দল করি, টেস্টেই সবচেয়ে স্যাটেল টিম। গত কয়েক সিরিজ ধরে ভালোই করছে। এই সিরিজ নিয়ে সবাই এক্সাইটেড ছিলাম। অস্ট্রেলিয়া যে দল, ওদের মাটিতে অনেক শক্তিশালী দল। ওদের বিপক্ষে খেলতে যেমন প্রস্তুতি বা যে ধরনের দল দরকার, তেমন অবস্থায়ই ছিলাম।'
বাশারের আশা যে দল ঘোষণা করা হয়েছে সেই দল নিয়েই ভালো করার, 'যেহেতু দল দিয়ে দিয়েছি। যারা ছিল ওদের নিয়ে সম্ভাব্য সেরা দলই গড়েছি। আমি আশাবাদী এই দল নিয়েই অস্ট্রেলিয়ায় ভালো করব।'
'স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী হবে না সবসময়। আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, হতাশাজনকও ছিল। তবে সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইঞ্জুরি হলে তো কিছু করার নেই। বেশি চিন্তা এখন আর করতে চাই না।'
এসএইচ
