বিজ্ঞাপন

চরম আর্থিক সংকটে পড়েছেন রোনালদোরা

চরম আর্থিক সংকটে পড়েছেন রোনালদোরা

একদিকে প্রশাসনিক শূন্যতা, অন্যদিকে ঘাড়ে চেপে বসা পাহাড়সম দেনা—সব মিলিয়ে দলবদলের বাজারে যেন পুরোপুরি অচল হয়ে পড়েছে সৌদি আরবের অন্যতম জনপ্রিয় ক্লাব আল নাসর।

সৌদি পত্রিকা আল-ইয়াওম-এর বরাতে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এখন পর্যন্ত একজন নতুন ফুটবলারকেও দলে ভেড়াতে পারেনি আল নাসর। সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে কেবল আল-হাজম ও আল-রিয়াদ ছাড়া আর কোনো দল এমন স্থবির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না। অথচ গত কয়েক সপ্তাহে ইউরোপের একাধিক তারকা ফুটবলারের নাম জড়িয়েছিল ক্লাবটির সঙ্গে।

এই সংকটের মূল কারণ ক্লাবের প্রশাসনিক অস্থিরতা। আল নাসরের সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং সেটি বাড়ানোরও কোনো ইচ্ছা নেই। তার এই সিদ্ধান্তের ফলে ক্লাবে তৈরি হয়েছে নেতৃত্বের শূন্যতা। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সব সিদ্ধান্তই আপাতত ঝুলে আছে।

তবে সমস্যার শেষ এখানেই নয়। প্রশাসনিক অস্থিরতার পাশাপাশি ক্লাবকে ভুগতে হচ্ছে বড় ধরনের আর্থিক সংকটেও। বিপুল ঋণের বোঝা এখন দলবদলের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে চূড়ান্ত পর্যায়ে গিয়েও একের পর এক চুক্তি আটকে যাচ্ছে।

স্প্যানিশ মিডফিল্ডার ও মায়োর্কা তারকা সামু কস্তা আল নাসরে যোগ দিতে সম্মত হলেও বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তিও ঝুলে রয়েছে। নতুন খেলোয়াড় দলে টানার বদলে ক্লাব এখন ব্যস্ত অভ্যন্তরীণ বিষয়গুলো সামলাতে। যার মধ্যে অন্যতম হলো মিডফিল্ডার আবদুল রহমান গারিবের চুক্তি নবায়ন।

এর মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্লাবের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেও। পর্তুগিজ এই ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক মৌসুম আছে। নতুন করে চুক্তি না হলে আগামী বছরের জুনেই ক্লাব ছাড়তে পারেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

মাঠের লড়াইয়েও শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। গত মৌসুমে দলকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানো পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে বিদায় জানিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পোস্তেকগ্লুকে। তবে লিগ জয়ের আনন্দের মধ্যেও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ফাইনালে হারের ক্ষত এখনো ভুলতে পারেননি সমর্থকরা।

নতুন কোচের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা থাকলেও দলবদলের বাজারে কার্যত নিষ্ক্রিয় অবস্থান সেই স্বপ্নে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। নতুন মৌসুমের আগে প্রত্যাশিত তারকা ফুটবলারদের কাউকেই দলে ভেড়াতে না পারায় সমর্থকদের উদ্বেগও বাড়ছে।

এইচজেএস