পাকিস্তানের ইসলাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ দল। তাতেই গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের চারটিতে জিতে সেরা চারের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ ভলিবল দল। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-২ সেটে। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পায় বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হারে ৩-০ সেটে।
অবশ্য পরের দুই ম্যাচে যথাক্রমে কাজাখস্তান ও নেপালের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আর দুই ম্যাচেই জয় পায় তারা। তাতেই সেমিফাইনালের স্বপ্ন দেখতে থাকে তারা।
তবে সেরা চারে জায়গা করে নিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম দুই সেটেই বাংলাদেশে হেরে যায়। ম্যাচ জিততে হলে শেষ তিন সেটেই প্রত্যেকটিতেই জিততে হতো লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে বাংলাদেশ। জিতেছে শেষ তিন সেটেই। তাতেই সেমিতে উঠে যায় তারা।
এমএমএম/
