মেডেন ওভার নেওয়া কিংবা উইকেট পাওয়া টেস্ট ক্রিকেটে নতুন কিছু নয়, তবে টানা ৫টি ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারেই উইকেট তুলে নেওয়ার নজির ছিল না ক্রিকেটের ইতিহাসে। এবার এমনই এক বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজের করা টানা পাঁচ ওভার মেডেনসহ প্রত্যেক ওভারেই উইকেট নিয়েছেন তিনি।
তারোবাতে ওয়েস্ট ইন্ডিজের করা ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের সূচনাটা বেশ ভালোই ছিল। কিন্তু গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত নাস্তানাবুদ হতে হয় পাক ব্যাটারদের।
অথচ ইনিংসের শুরুতে নিজের প্রথম ৬ ওভারে কিছুটা খরুচেই ছিলেন এই মিডিয়াম পেসার। তবে সপ্তম ওভারে বল করতে এসেই ঘুরিয়ে দেন ম্যাচের পাশা; বোল্ড করে সাজঘরে ফেরান সেঞ্চুরিয়ান শান মাসুদকে। এরপর ইনিংসের ৬৬তম ওভারে নিজের পরের ওভার করতে এসে তুলে নেন আমির জামালের উইকেট।
উইকেটের এই ধারা থামেনি এখানেই। এরপর নিজের টানা ৬৮তম, ৭০তম এবং ৭২তম ওভারে বল করতে এসে প্রতি ওভারেই একটি করে উইকেট নেন তিনি। একে একে সাজঘরের পথ ধরান আলি উসমান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে। গ্রিভসের টানা এই ৫টি উইকেট-মেডেন ওভারের তাণ্ডবে ধসে পড়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ১১ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ২৭ রান খরচায় ৫টি উইকেট পকেটে পুরেন এই ডানহাতি পেসার।
গ্রিভসের এমন আগুনে বোলিংয়ে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৮২ রানে। ফলে প্রথম ইনিংস শেষে ২৯ রানের লিড পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
তবে খুব একটা স্বস্তিতে নেই ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১২৬ রান তুলতেই হারিয়ে বসেছে ৭টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হাতে এখন ৩ উইকেট বাকি থাকলেও পাকিস্তান থেকে তারা এগিয়ে রয়েছে ১৫৫ রানে।
এমএমএম/
