বিজ্ঞাপন

সান্তোসে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত

সান্তোসে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তার পুরোনো ক্লাব সান্তোসে ফেরার পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছেন। ভেতরের রেষারেষি, ক্লাবের অভ্যন্তরীণ সিদ্ধান্তহীনতা এবং নিজের আচরণগত বিতর্ক নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার দূরত্ব এখন তুঙ্গে। ফলে ২০২৬ সালের ডিসেম্বরের পর সান্তোসের সাথে তার চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা একপ্রকার ক্ষীণ হয়ে এসেছে।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সাম্প্রতিক মনোভাব ও আচরণে দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তাকে দৈনন্দিন অনুশীলনে সামলানো কঠিন হয়ে পড়েছে এবং তার স্বার্থপর মনোভাব সতীর্থদের বিরক্ত করছে। মে মাসে অনুশীলনের সময় রবিনহো জুনিয়রের সঙ্গে তর্কাতর্কির পর তার অধিনায়কত্ব ও নেতৃত্ব দেয়ার ক্ষমতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে।

বিতর্কের জল আরও গড়ায় কোপা সুদেরিকানা চলাকালীন সময়ে। দল যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে ভেনিজুয়েলা সফরের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন নেইমারকে সাও পওলোর একটি পোকার টুর্নামেন্টে দেখা যায়। এ নিয়ে তীব্র সমালোচনার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখান। পরবর্তীতে চাপেকোয়েন্সের বিরুদ্ধে ম্যাচে গোল করার পর তাস বণ্টনের অভিনয় করে বিতর্কিত ভঙ্গিতে গোল উদযাপন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেইমার নিজেই ক্লাবের দৈনন্দিন রুটিন ও পেশাদার ফুটবলের চাপ নিয়ে ক্লান্ত। তিনি খেলা ছেড়ে দেয়ার মানসিকতায় থাকলেও তার বাবা ও বাণিজ্যিক চুক্তিগুলোর বাধ্যবাধকতার কারণে খেলা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

অন্যদিকে, ক্লাবের দুর্বল অবকাঠামো, নিম্নমানের স্কোয়াড এবং টানা দ্বিতীয় বছরের মতো অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা নিয়ে ক্ষোভ রয়েছে নেইমার ও তার বাবারও। অবকাঠামোগত উন্নয়নে নেইমার নিজে অর্থায়ন করলেও ক্লাবের ভেতরের অস্বচ্ছতা নিয়ে তাদের অভিযোগ রয়েছে।

মাঠের বাইরের জটিলতার পাশাপাশি আর্থিক সমস্যাও বড় রূপ নিয়েছে। সান্তোসের কাছে নেইমারের বকেয়া পাওনার পরিমাণ ১৭ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এছাড়া খেলোয়াড়রাও কয়েক মাস ধরে তাদের ইমেজ রাইটসের টাকা পাননি।

সাম্প্রতিক চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর ড্রেসিংরুমে নেইমার তরুণ সতীর্থ গ্যাব্রিয়েল বনটেম্পো ও জোয়াও অ্যানানিয়াসকে গালিগালাজ করেছেন বলে খবর রটেছিল। যদিও নেইমার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন।

এমএমএম/