বিজ্ঞাপন

‘স্পেন যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে’, আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট

‘স্পেন যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে’, আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট

বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়িয়েছে দিন দশেক হতে চলল। এখনো থেমে নেই উত্তাপ। সদ্য সমাপ্ত আসরের ফাইনাল ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্বের গুঞ্জন থাকলেও বরাবরই তেমন দাবি উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার কর্তৃপক্ষ। এবার ফাইনাল নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনির সহকারী ও ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মানা। 

বিশ্বকাপে টানা শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি লিওনেল স্কালোনির দল। একপেশে লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে আলবিসেলেস্তেরা।

এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালে স্পেনই যোগ্য দল হিসেবে জিতেছে। একই সঙ্গে এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়ানো হচ্ছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। এর আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ রবার্তো আয়ালাও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।

রেডিও চ্যানেল ‘উর্বানা প্লে’-র ‘ভুয়েলতাই মেদিয়া’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ফাইনাল ম্যাচটি আরও দু-তিনবার দেখেছি। ২০২২ সালেও আমার একই অনুভূতি হয়েছিল। সেবার যেমন অতিরিক্ত সময়ের খেলা দেখিনি, এবারও দেখি না। কারণ অতিরিক্ত সময়ে অনেক কিছুই ঘটে যায়, যা খুবই আবেগঘন। সেখানে কৌশলের চেয়ে আবেগ বেশি কাজ করে, আর আমি মূলত কৌশলই খোঁজার চেষ্টা করি। এই ম্যাচে স্পেন সত্যিই অনেক বেশি প্রাধান্য বিস্তার করে খেলেছিল।’

স্পেন ম্যাচজুড়ে সেরা দল ছিল উল্লেখ করে তিনি আর্জেন্টাইন ফুটবল দর্শনেরও প্রশংসা করেন। মানা বলেন, ‘ম্যাচটিতে স্পেন হয়তো আধিপত্য দেখিয়েছে, তবে আর্জেন্টিনা যে ফুটবল খেলে ফাইনালে উঠেছে, সেটাই তাদের আসল পরিচয়। পাসভিত্তিক ফুটবলের যে আর্জেন্টাইন শৈলী রয়েছে, আশা করি আগামী ১৫ বছর পরও এ দেশের তরুণ ফুটবলারেরা এই ধারা ধরে রাখবে। আমাদের বয়সভিত্তিক দলের তরুণেরা এখন এভাবেই খেলছে।’

বিশ্বকাপের পুরো অভিজ্ঞতা নিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে মাতিয়াস মানা জানান, দলের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। স্কালোনির নেতৃত্বে পুরো কোচিং স্টাফ অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে এবং ফুটবলারেরা চমৎকার একটি দল হিসেবে খেলেছে।

নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘হারের পর সাধারণত এ ধরনের ঘটনা ঘটে অথবা মানুষ নতুন কিছু সন্দেহ করতে শুরু করে। বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের সবকিছু রেকর্ড করা হয়। কেউ কোনো কথা বললেই সেটাকে বিকৃত করা শুরু হয়। তবে বাস্তবতা হলো, মাঠে যা হওয়ার তা-ই হয়েছে। যে দল ওই ম্যাচে ভালো খেলেছে, আমাদের উচিত তাদের অভিনন্দন জানানো এবং সামনে এগিয়ে যাওয়া।’

এফআই