আগামী ২১ আগস্ট শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল।
এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও নেপাল জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ দলের পাশাপাশি অংশ নিচ্ছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দলও।
যদিও এখনও এই সিরিজের দল ঘোষণা করেনি বাংলাদেশ দল। তবে দল চূড়ান্ত আছে বলেই জানা গিয়েছে। অনেকদিন পর বিসিবির কোনো প্রোগ্রামে যুক্ত হচ্ছেন সাব্বির রহমান। এ দলের হয়ে মঞ্চ মাতাতে প্রস্তুত হচ্ছেন তিনি, ইতোমধ্যে মিরপুরে শুরু করেছেন অনুশীলনও। সাব্বিরের জন্য এই টুর্নামেন্ট বড় একটি সুযোগ নিজেকে নতুন করে চেনানোর।
সাব্বির ছাড়াও এই সিরিজের দলে থাকবেন শামীম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, রিপন মন্ডলদের মতো তরুণ ক্রিকেটাররা। খেলতে যাবেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি, আবু হায়দার রনিও। তবে এই সিরিজেও নাম নেই আকবর আলির। সবমিলিয়ে এইচপি, এ দল কোনো দলের প্রোগ্রামেই দেখা যাচ্ছে না যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে।

বাংলাদেশের যাত্রা শুরু হবে ২২ আগস্ট। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা। পরদিন, ২৩ আগস্ট রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের মুখোমুখি হবে তারা।
এরপর ২৪ আগস্ট ভেন্যু বদলে ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ 'এ' দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। ২৫ আগস্ট একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ’।
গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন পরীক্ষাটি অপেক্ষা করছে ২৭ আগস্ট। সেদিন ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ আগস্ট। একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে তারা।
এসএইচ/এফআই
