বিজ্ঞাপন

৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন ভারতীয় স্পিনার

৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন ভারতীয় স্পিনার

২০১৪ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে লেগেছে দীর্ঘ এক দশক। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার সারানশ জৈন।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন মধ্য প্রদেশের এই ক্রিকেটার। মূলত আরেক অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারের চোটই জাতীয় দলে সারানশের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে।

শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় অফ স্পিনিং অলরাউন্ডার রাখতে চেয়েছিলেন নির্বাচকরা। স্কোয়াডের অন্য তিন স্পিনারই বাঁহাতি হওয়ায় সুন্দারের মতো বাঁহাতি ব্যাটিং ও ডানহাতি অফ স্পিনের সমন্বয় থাকা সারানশকেই বেছে নেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলেছেন সারানশ। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭০ রানের ইনিংসের পাশাপাশি ৬ উইকেট শিকার করে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

অন্যদিকে, টেনিস এলবোর চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার মানাভ সুতারও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তবে জাদেজার প্রত্যাবর্তনে সুতারের প্রথম একাদশে খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

এদিকে, জাসপ্রিত বুমরাহ ও সাই সুদর্শনকে রাখা হয়েছে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে। সম্প্রতি ভারতের ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচেই সেঞ্চুরি করা সুদর্শন শেষ পর্যন্ত খেলতে না পারলে তিন নম্বর পজিশনে সুযোগ পেতে পারেন দেবদুত পাডিক্কাল।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৫ আগস্ট গলে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ আগস্ট, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পঞ্চম এবং শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে।

ভারতের টেস্ট স্কোয়াড-

শুবমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সাওয়াল, ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মানাভ সুতার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদুত পাডিক্কাল ও সারানশ জৈন।

এইচজেএস