দীর্ঘ ২১ বছর পর ২০২৬ বিশ্বকাপে মুখোমুখি হয়ে পুরোনো দ্বন্দ্ব আরও বেড়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিদ্যমান উত্তেজনায় ঘি ঢেলেছে আর্জেন্টাইনরা। সেই রেশ ধরে দেশটির ফুটবলারদের ইংল্যান্ডের ভিসা বাতিল হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে নিজে থেকে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দিয়ে এখন নতুন গন্তব্য নির্ধারণের অপেক্ষায় আলবিসেলেস্তে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।
তার প্রথম পছন্দ বার্সেলোনা। সে কারণে টটেনহ্যাম ছেড়ে ইন্টার মিলানে যোগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে রাজি হননি রোমেরো। অথচ উভয় ক্লাবেই তার যোগদানের বিষয়টি এখন অনিশ্চয়তায় পড়েছে। কাতালান ক্লাবের কাছ থেকে শেষ মুহূর্তে প্রস্তাব আসতে পারে– এই আশায় অপেক্ষা করছেন রোমেরো। আবার ইন্টারও নতুন করে বলছে, এই দলবদলের মৌসুমে বেঞ্জামিন পাভার্ডকে বিক্রি করতে পারলেই কেবল তারা রোমেরোকে নেওয়ার চেষ্টা করবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত–এর তথ্যমতে, গত সপ্তাহের শেষদিকে ইন্টার মিলান রোমেরোর এজেন্টের সঙ্গে বৈঠক করেছিল। সেখানে চার বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয় তাকে। বর্তমানে টটেনহ্যামে যা পান, বেতন তার চেয়ে কিছুটা কম হলেও অতিরিক্ত চুক্তির মেয়াদ যোগ করা হয়েছে। তবে খেলোয়াড়পক্ষের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ট্রান্সফার ফি নিয়েও সমঝোতা হয়নি। যদিও টটেনহ্যাম দর-কষাকষিতে আগ্রহী, তবুও তারা ৫ কোটি ইউরো দাবি করছে।
টটেনহ্যাম রোমেরোকে ছাড়তে প্রস্তুত। তিনি যদি ক্লাব ছাড়ার জন্য চাপ অব্যাহত রাখেন, তাহলে ধারে (লোন) ছেড়ে পরবর্তীতে স্থায়ীভাবে কেনার (অপশন টু বাই) সম্ভাবনাও বাড়ছে। এদিকে, ইন্টার তার জন্য অপেক্ষায় বসে থাকতে রাজি নয়, সে কারণে তারা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জন স্টোনসের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে। সিটিতে স্টোনসের বর্তমান চুক্তির মেয়াদও শেষের পথে।
এর মাধ্যমে রোমেরোর কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে ইন্টার, চলতি দলবদলের মৌসুমে পাভার্ডকে বিক্রি করতে পারলেই কেবল তারা রোমেরোকে দলে নেওয়ার চেষ্টা করবে। মূলত বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টার ডেকো রোমেরোকে দলে ভেড়ানোর আগ্রহ দেখানোর পর থেকেই পরিস্থিতি স্থবির হয়ে যায়। কারণ, রোমেরো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি বার্সেলোনার জন্য অপেক্ষা করতে চান।
বার্সেলোনা এখনও তাদের রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এক্ষেত্রে তাদের সামনে দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, বর্তমান কোনো সেন্টারব্যাক বা ফুলব্যাক দল ছাড়লে একজন শীর্ষমানের ডিফেন্ডার দলে নেওয়া। এক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য বিদায়ী হিসেবে বিবেচিত হচ্ছেন রোনাল্ড আরাউহো কিংবা জুলস কুন্দে। দ্বিতীয়ত, ভবিষ্যতে আরও উন্নতির সুযোগ রয়েছে– এমন একজন ডিফেন্ডারকে দলে টানা, যিনি আদর্শভাবে বাঁ-পায়ের খেলোয়াড়।
স্প্যানিশ ডিফেন্ডার জর্জ সালিনাসকে নিয়ে বার্সেলোনার আগ্রহ এখনও রয়েছে। তবে রেসিং তার জন্য যে ১ কোটি ৬০ লাখ ইউরো দাবি করছে, সেই মূল্য পরিশোধ করতে রাজি নয় কাতালান ক্লাবটি। আবার বার্সেলোনা যেন নিবন্ধন (রেজিস্ট্রেশন) করাতে পারে, সেজন্য বেতন কমাতেও প্রস্তুত রোমেরো। সময়ও কাতালানদের পক্ষেই যেতে পারে। কারণ, টটেনহ্যামের খেলোয়াড় বিক্রি করা জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে, আগামী ১০ আগস্ট লন্ডনের ক্লাবটির প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারের।
এএইচএস
