বাংলাদেশ দলের নিয়মিত ৩ পেসার ও এক ব্যাটার ইনজুরিতে ভুগছেন। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই নাহিদ রানা, শরিফুল ইসলাম, লিটন দাসরা। একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়াই ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামতে হচ্ছে টাইগারদের।
দলের একাধিক ইনজুরি সমস্যা থাকলেও বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নুর আশা, অস্ট্রেলিয়া সিরিজে ভালো করবে বাংলাদেশ দল। তিনি বলেন, 'দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্ন আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে।'
'তবে আগাম বলা কঠিন, দল কেমন করবে। যেহেতু সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, প্রস্তুতির জন্য কিছু সময় আছে, অনুশীলন সেশনও রয়েছে। তাই আমি আশা করি, যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমরা যেন প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারি।'-যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়ার পেসারদের চ্যালেঞ্জ গ্রহণ করেই খেলতে হবে বাংলাদেশি ব্যাটারদের বলে মনে করেন নান্নু। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক কিংবা স্পিন আক্রমণ, সবকিছুই বিশ্বসেরা। সেই হিসাবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।'
'একই সঙ্গে টোটাল টিম পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি দিক নিয়ে ভাবলে হবে না। আমার মনে হয়, এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়কে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস
