বিশ্বকাপে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। সেই ধকল কাটিয়ে তিনি যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ চ্যাম্পিয়নদের ক্যাম্পে। তবে তিনি বার্সায় ফেরার আগে বেশকিছু নতুন মুখ যুক্ত হয়েছে স্কোয়াডে। যারা বার্সেলোনায় একাদশে জায়গা পেতে তীব্র লড়াইয়ের মুখে ফেলতে পারে রাফিনিয়াকে। এমনকি তরুণ তারকাদের ভিড়ে তাকে ছেড়ে দেওয়ার আলোচনাও উঠেছে।
স্প্যানিশ সংবাদপত্র মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনায় নিজের পঞ্চম মৌসুম শুরু করতে যাচ্ছেন রাফিনিয়া। বরাবরের মতো এবারও তিনি দারুণ উচ্চাকাঙ্ক্ষা, নিজের পারফরম্যান্সে আরও উন্নত করার তীব্র ইচ্ছা এবং কাতালান ক্লাবের হয়ে খেলার আনন্দ নিয়েই নতুন মৌসুম শুরু করছেন। কিন্তু ২৯ বছর বয়সী এই সেলেসাও উইঙ্গারের যাত্রাটা সম্ভবত আরও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।
রাফিনিয়ার সামনে আসন্ন ২০২৬-২৭ মৌসুমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাঁ প্রান্তের উইঙ্গার পজিশনে জায়গা ধরে রাখা। ২৫ বছর বয়সী অ্যান্থনি গর্ডনকে দলে টানতে বার্সেলোনা বিপুল অর্থ ব্যয় করেছে, যা রাফিনিয়ার জন্য প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলেছে। সাবেক নিউক্যাসল তারকা গর্ডন এই গ্রীষ্মে বার্সেলোনার দুই নতুন সাইনিংয়ের একজন।
এ ছাড়া জার্মান উইঙ্গার করিম আদেয়েমির দিকেও নজর থাকবে সবার, যিনি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বাঁ প্রান্তে গতি, ড্রিবলিং, আক্রমণভাগে সংযোগ তৈরি এবং গোল করার দক্ষতার জন্য বেশ পরিচিত। এর বাইরেও একই পজিশনে কোচ হ্যান্সি ফ্লিকের হাতে আরও অপশন আছে– ফারমিন লোপেজ ও ফেররান তোরেস। যদিও চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যস্ত রাফিনিয়া। কঠিন শৈশব, ত্যাগ ও প্রতিবন্ধকতা পেরিয়ে উঠে আসা এই উইঙ্গার নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন আত্মবিশ্বাস ও উদ্দীপনা নিয়ে।

এর আগে রাফিনিয়াকে দলে ভেড়াতে সৌদি আরবের কয়েকটি ক্লাব আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। ২০২৮ সালের জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ এই ব্রাজিলিয়ান সেই চুক্তির পুরো মেয়াদই শেষ করতে চান। যদিও ক্লাবের প্রভাবশালী একটি অংশ তার বিদায়ের পক্ষে মত দিচ্ছে। আর সেটাই তার বার্সা অধ্যায় শেষের ইঙ্গিত বলেও মনে করছে মার্কা।
ক্লাবের প্রভাবশালী কর্মকর্তাদের মতে, রাফিনিয়ার পজিশনে পর্যাপ্ত বিকল্প রয়েছে। এ ছাড়া বাজারে ব্রাজিল তারকার যথেষ্ট চাহিদাও আছে, ফলে তাকে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আয় করা সম্ভব কাতালানদের। রাফিনিয়ার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি ইউরো। গত মৌসুমে চোটের কারণে ১৭টি ম্যাচ মিস করেছিলেন রাফিনিয়া, যা তাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি করেছে বলেও মত বিদায়ের পক্ষে থাকা ব্যক্তিদের।
প্রসঙ্গত, ২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগদানের পর রাফিনিয়া এখন পর্যন্ত ১৭৭টি ম্যাচ খেলেছেন। যেখানে ৭৭ গোল এবং ৫২টি অ্যাসিস্ট রয়েছে তার।
এএইচএস
