দীর্ঘদিন জটিল রোগের সঙ্গে লড়াই শেষে ৪৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পেনের সাবেক ফুটবলার বোরহা ফেরের। তার মৃত্যুতে স্প্যানিশ ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বোরহা ফেরেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ২০০২-০৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলা এই সাবেক ফুটবলারের অবদান ও পেশাদারিত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
ক্লাব সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০০২-০৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার সাবেক খেলোয়াড় বোরহা ফেরেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে রিয়াল মাদ্রিদের সভাপতি এবং পরিচালনা পর্ষদ।’
আরও বলা হয়, ‘বোরহা ফেরেরের পরিবার, তার সাবেক সতীর্থ এবং প্রিয়জনদের প্রতি রিয়াল মাদ্রিদ গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে। মাত্র ৪৪ বছর বয়সে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
স্পেনের ঘরোয়া ফুটবলের বিভিন্ন নিম্ন সারির লিগে সুনাম ও দক্ষতার সঙ্গে খেলেছেন ফেরের। রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার পাশাপাশি খেরেজসহ একাধিক ক্লাবের জার্সিতেও মাঠ মাতিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতা ও অসুস্থতায় ভোগার কারণে অকালেই পেশাদার ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হন এই স্প্যানিশ ফুটবলার।
এইচজেএস
