বিজ্ঞাপন

বিশ্বকাপ জিততে ভারতকে বাউন্ডারি বড় করার পরামর্শ

বিশ্বকাপ জিততে ভারতকে বাউন্ডারি বড় করার পরামর্শ

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন টুর্নামেন্টটি ঘিরে ভারতীয় দলকে পরামর্শ দিলেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। 

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাঠের বাউন্ডারি তুলনামূলক বড় হয়ে থাকে। সেই কথা মাথায় রেখে ভারতের মাঠগুলোর বাউন্ডারি সীমাও বড় করার পরামর্শ দিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, ‘ভারতের মাটিতে সিরিজ চলাকালীন মাঠের বাউন্ডারি বড় করতে হবে। তাহলে বিশ্বকাপের সময় আমাদের ব্যাটারদের বড় শট মারতে সমস্যা হবে না।’

কীভাবে বাউন্ডারি বড় করা যাবে, সেই উপায়ও বাতলে দিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘বাউন্ডারির পাশে এলইডি বোর্ডের জন্য অনেকটা জায়গা লাগে। তার পেছনেও বেশ কিছুটা জায়গা থাকে। তাই যদি সেই জায়গাটা ব্যবহার করা যায়, তাহলেই মাঠ বড় হয়ে যাবে। এতে কোনও সমস্যা নেই।’

বিশ্বকাপে রোহিত, কোহলিদের কীভাবে খেলা উচিত সেই পরামর্শও দিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘বুদ্ধি করে খেলতে হবে। ঠিক করে নিতে হবে কার বলে মারব আর কার বলে মারব না। একটা দলের পাঁচ, ছ’জন বোলার একই মানের হয় না। টি-টোয়েন্টিতে যেমন ৮ থেকে ১২ ওভার মারার সুযোগ থাকে, তেমনই একদিনের ক্রিকেটে প্রায় ২০ থেকে ২৫ ওভার রান করার সুযোগ থাকে। সেটা কাজে লাগালেই ৩৮০ রানও তাড়া করা সম্ভব।’

শট নির্বাচনের দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। টি-টোয়েন্টির কথা মাথায় রাখলে হবে না বলেই জানিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, ‘শট নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বল দেখে খেলতে হবে। টি-টোয়েন্টিতে অদ্ভুত শট খেলে রান করা যায়। একদিনের ক্রিকেটে তার প্রয়োজন নেই। ক্রিকেটীয় শট খেলেই বড় রান করা সম্ভব।’

এফআই