আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী এই ওপেনার।
ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক অভিষেকের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নজর কাড়েন সূর্যবংশী। প্রথম ম্যাচে ১৫ বছর ১১৮ দিন বয়সে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ ফিফটির রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় ম্যাচে করেন ২০ রান, আর শেষ ম্যাচে খেলেন ৮১ রানের ইনিংস। তিন ম্যাচে ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।
অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ ভারতের আভিষেক শর্মা তিন ম্যাচে মাত্র ১১ রান করে এক ধাপ নেমে গেছেন তিন নম্বরে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান উঠে এসেছেন দুইয়ে। শীর্ষে আগের মতোই আছেন ইশান কিষান।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশের সেরা তানজিদ হাসান, তিনি আছেন ২০ নম্বরে। এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে আছেন সাইফ হাসান এবং এক ধাপ এগিয়ে ৩২ নম্বরে তাওহিদ হৃদয়।
টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে নাসুম আহমেদ, এক ধাপ এগিয়ে তিনি এখন ১২ নম্বরে। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। দ্বিতীয় স্থানে রয়েছেন মেহেদি হাসান মিরাজ।
এইচজেএস
