বিশ্বকাপ ফুটবল এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতার ২০ শতাংশ বাণিজ্যিকভাবে বেসরকারি বিনিয়োগ সংস্থার কাছে বিক্রি করার পরিকল্পনা সামনে এনে চরম বিতর্কের জন্ম দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা এই পদক্ষেপের তীব্র সমালোচনা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫৫টি দেশকে নিয়ে এক জরুরি অনলাইন মিটিংয়ের ডাক দিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।
উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের নেতৃত্বে হতে যাওয়া এই বৈঠকে ফিফার বিতর্কিত প্রস্তাব প্রত্যাখ্যানসহ প্রয়োজনে বড় সিদ্ধান্ত আসতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসি এক প্রতিবেদনে বলছে, বিশ্ব ফুটবলের ২১১টি সদস্য সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে ফিফা। এতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে যদি দেশগুলো ফিফার এই প্রস্তাবে সম্মত হয়, তবে প্রথম কিস্তিতে ২০ মিলিয়ন ডলারসহ মোট ৪০ মিলিয়ন (প্রায় ৪ কোটি) ডলারের বিশেষ তহবিল পাবে তারা।
ফিফা এই লোভনীয় অফারের কড়া সমালোচনা করে উয়েফা আরেক বিবৃতিতে বলেছে, সহযোগীদের সমর্থন আদায় করতে ফিফার এই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কৌশলই এই পরিকল্পনার আসল চেহারা স্পষ্ট করে দেয়। তারা সীমা ছাড়িয়ে গেছে।
ফিফার ওপর সবচেয়ে বড় ক্ষোভের কারণ- ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বা অন্যান্য মহাদেশীয় কনফেডারেশনকে কিছু না জানিয়ে নেপথ্যে গোপনে এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, যে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করা হচ্ছে, সেটি পরিচালনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের মালিকানাধীন থ্রাইভ ইটারনাল।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘ইনফান্তিনো নিজের নির্বাচন ফান্ড এবং ভোট কেনার জন্য ফুটবলের ভবিষ্যৎ বিক্রি করছেন। ফিফা ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পত্তি নয়।’
এমএমএম/
