বিজ্ঞাপন

বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালিকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি মানচিনির

বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালিকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি মানচিনির

প্রথম দফায় যখন ইতালির দায়িত্ব নেন তখনও বাজে সময়ের মধ্যে ছিল ইতালি। পথহারা দলটির দায়িত্ব নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন রবের্তো মানচিনি। তার হাত ধরেই ইতালি জিতেছিল ইউরো ২০২০, গড়েছিল টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড, যা পরে ভেঙেছে স্পেন।

এবার মানচিনির সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারও বিশ্বমঞ্চে ফেরানোর দায়িত্ব নিয়েছেন তিনি। চার বছরের চুক্তিতে ইতালির কোচ হিসেবে ফিরে প্রথম সংবাদ সম্মেলনেই বড় স্বপ্নের কথা শুনিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

তিনি বলেন, ‘আমরা চার বছরের চুক্তি সই করেছি। আমি আশা করি, দলকে গুরুত্বপূর্ণ একটি ট্রফি জেতাতে পারব, এমনকি দুটি ট্রফিও সম্ভব। এরপরও যেন আমরা সাফল্যের ধারায় এগিয়ে যেতে পারি।’

২০১৮ বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। তবে ২০২৩ সালে হঠাৎ করেই সেই দায়িত্ব ছেড়ে সৌদি আরবের কোচ হন তিনি। তাই দ্বিতীয় মেয়াদে সমর্থকদের আস্থা ফিরিয়ে আনাও যে তার অন্যতম লক্ষ্য, সেটি স্পষ্ট করে দিয়েছেন।

তিনি বলেন, ‘ইতালিকে আমি এমন একটি দলে পরিণত করতে চাই, যারা সুন্দর ও আকর্ষণীয় ফুটবল খেলবে। সমর্থকরা যেন আবার এই দলের প্রেমে পড়ে। তখন হয়তো তারা আগের ঘটনার জন্য আমাকে ক্ষমাও করে দেবে।’

এইচজেএস