লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান তার অলরাউন্ডার মর্যাদার প্রতি সুবিচার করলেন। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে জাফনা কিংসের ২১ রানের জয়ে ব্যাটে-বলে চমৎকার অবদান রেখেছেন তিনি।
জাফনার সপ্তম ম্যাচে এসে তৃতীয়বার ব্যাট করার সুযোগ পান সাকিব। ছয় নম্বরে ব্যাট করতে নামেন তিনি। ১৬ বলে একটি করে চার ও ছয়ে ২২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটার। এর আগে নিজের প্রথম ম্যাচে ১০ রান করেন সাকিব, আরেক ম্যাচে প্রথম বলে আউট হন।
সাকিবের আগে আরেক বাংলাদেশি তাওহীদ হৃদয়ও ১৬ বল খেলেন। একটি করে চার-ছয়ে করেন ২১ রান। জাফনার পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন কামিল মিশারা। ১৫ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলেন চামিন্দু বিক্রমাসিংহে।
তাতে কেউ ফিফটি না পেলেও জাফনা ২২১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে।
চতুর্থ ওভারে বল হাতে নিয়েই সাকিব ৪১ রানের ওপেনিং জুটি ভাঙেন। ১৫ বলে ৩০ রান করা লাহিরু ইগালাগামাগেকে বোল্ড করেন তিনি। এরপর কুশল পেরেরাকেও (১৬) একইভাবে নিজের শিকার বানান বাঁহাতি স্পিনার। তার পরের শিকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৪ রানে ক্যান্ডি অধিনায়ককে আউট করেন সাকিব। ১৭তম ওভারে হাসারাঙ্গা বিদায় নিতে ম্যাচ হাতের মুঠোয় চলে আসে জাফনার। ২০০ রানে অলআউট হয় তারা।
সাকিব ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন। চলতি আসরে এটাই তার সেরা বোলিং। মোট ৮ উইকেট নিয়েছেন তিনি।
এফএইচএম
