বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে ফিফা বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। তাদের ৫৫ সদস্যের সঙ্গে ৪১টি দেশের সংস্থা কনকাকাফও তাদের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। এত সব সমালোচনা আর বিরোধিতার মুখে ফিফা এক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানাল। একই সঙ্গে এনিয়ে তৈরি হওয়া ধোঁয়াশাও দূর করতে চেষ্টা করেছে তারা।
ফিফা যা বলল
আমরা প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ গঠনের বিষয়ে বিভিন্ন কনফেডারেশন থেকে তাদের মতামত শুনেছি। গত মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রাথমিক প্রতিবেদনের পর উঠে আসা বিষয়গুলো সমাধান করতে চাই।
আমরা প্রকাশ্য ক্ষোভ ও মতামতকে সম্মান জানাই। একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।
আমাদের পরিকল্পিত পরামর্শ প্রক্রিয়াটি ভুল গণমাধ্যম প্রতিবেদনের কারণে ব্যাহত হয়েছিল। আমরা এই পরামর্শ প্রক্রিয়াটি নিয়ে এগিয়ে যাব যাতে প্রতিটি সদস্য সংস্থা তথ্যের ওপর ভিত্তি করে তাদের ভোট প্রয়োগ করতে পারে।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবের একমাত্র উদ্দেশ্য হলো—সব ফিফা সদস্য সংস্থা যাতে তাদের নিজ নিজ দেশে ফুটবলের বাণিজ্যিক সুযোগের অর্থবহ মালিকানা লাভ করতে পারে। এবং তা যেন ফিফা বা ফুটবলের নিজস্ব নীতি কিংবা পরিচালন কাঠামোর মূল চেতনার বিনিময়ে না হয়।
কেউ ফুটবল বিক্রি করছে না। এটি এমন কোনো বিষয় নয়, যা ফিফা কখনো বিবেচনা করবে।
প্রত্যেকেরই তাদের বিরোধিতা প্রকাশ করার এবং আরও স্পষ্টীকরণ চাওয়ার অধিকার রয়েছে। তবে কোনো একক প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ২১১টি সদস্য সংস্থার প্রতিনিধিত্ব করার দাবি করতে পারে না। প্রতিটি সদস্য সংস্থাকে প্রস্তাবটি পর্যালোচনা করার এবং তাদের নিজেদের ভবিষ্যৎ গঠনে মত দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এগুলোই ফিফার গণতান্ত্রিক নীতি।
প্রস্তাবনা অনুযায়ী ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) ফিফার বাণিজ্যিক ও মাঠপর্যায়ের আয়োজন পরিচালনা কার্যক্রমকে একটি সহযোগী সংস্থায় স্থানান্তর করবে, যা স্থায়ীভাবে ফিফার মালিকানা ও নিয়ন্ত্রণে থাকবে।
এর ফলে সৃষ্ট বাণিজ্যিক মূল্য ২১১টি সদস্য সংস্থার মধ্যে ভাগ করে নেওয়া হবে, যা প্রতিটি সদস্য সংস্থাকে তাদের নিজ নিজ দেশে ফুটবলে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে সক্ষম করবে।
প্রস্তাবের আওতায়, প্রতিটি সদস্য সংস্থা আগামী চার বছরে (২০২৭-২০৩০) ২০ মিলিয়ন মার্কিন ডলার ‘ফিফা ফরোয়ার্ড ডেভেলপমেন্ট’ অর্থায়ন পাবে—তাদের ব্যক্তিগত সমর্থন থাকুক বা না থাকুক।
সব সদস্য সংস্থার সুবিধার্থে ফিফার বাণিজ্যিক কার্যক্রমের আরও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এফএফই যে অতিরিক্ত আয় তৈরি করবে, সেখান থেকেই এই বাড়তি অর্থ দেওয়া হবে।
‘ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রাম’ হলো প্রতিটি সদস্য সংস্থার জন্য অতিরিক্ত ২০ মিলিয়ন মার্কিন ডলারের একটি এককালীন উন্নয়ন তহবিল। এফএফই প্রস্তাবটি বাস্তবায়িত হলে এটি সম্পূর্ণ ঐচ্ছিক থাকবে এবং ফিফার নিয়ন্ত্রণ হস্তান্তর বা পরিচালন কাঠামো পরিবর্তন না করেই বাহ্যিক বিনিয়োগ দ্বারা এর অর্থায়ন করা হবে।
সংখ্যাগরিষ্ঠ সদস্য সংস্থার সমর্থন ছাড়া ফিফার বাণিজ্যিক কার্যক্রম অপরিবর্তিত থাকবে এবং এফএফই গঠন করা হবে না।
এই উপাদানগুলো পরামর্শ প্রক্রিয়ার প্রারম্ভিক নির্দেশক এবং আলোচনার জন্য উন্মুক্ত। এর মধ্যে রয়েছে প্রস্তাবের সম্পূর্ণ বা অংশবিশেষ অনুমোদন, প্রত্যাখ্যান বা সংশোধনের সুযোগ।
এফএফই প্রস্তাবের মূল ভিত্তির নীতিমালা হলো অভূতপূর্ব উন্নয়ন তহবিল, খেলাধুলার বাণিজ্যিক সুযোগগুলোর সর্বজনীন মালিকানা এবং সব সদস্য সংস্থার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ আত্মনিয়ন্ত্রণ।
এফএইচএম
