ভয় ও অনিশ্চয়তায় ভরা কয়েকটি দিন কাটার পর দুঃসংবাদ এসেই গেল। ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। ত্রাভাগলিয়াতোতে ১৯৬০ সালের ৮ মে জন্ম নেওয়া এই লিজেন্ডারি ডিফেন্ডার কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে শুরু করে।
মিলানের উপশহরের হিউম্যানিটিস দি রোজ্জানো ক্লিনিকে ৬৬ বছর বয়সে মারা গেছেন বারেসি। প্রায় এক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসের একটি পিণ্ড অপসারণের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান।
শেষবার বারেসিকে জনসমক্ষে দেখা গিয়েছিল ফেব্রুয়ারিতে। ২০২৬ শীতকালীন অলিম্পিকের আগে সান সিরোতে অলিম্পিক মশাল বহন করেছিলেন তিনি। মিলানের সম্মানসূচক ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বারেসি।
বারেসিকে হারিয়ে শোকাহত ফুটবল বিশ্ব। ফুটবলের অন্যতম আইকনিক ডিফেন্ডার ও অধিনায়ক ছিলেন তিনি, এসি মিলান ও ইতালি উভয়েরই। ১৯৯৭ সালে তিনি অবসর নেওয়ার পর তার ৬ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো হয়েছিল। তিনটি ইউরোপিয়ান কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের স্বীকৃতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইতালির হয়ে বারেসি ১৯৮২ সালে স্পেনের অনুষ্ঠিত বিশ্বকাপ জেতেন। তিনি একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হয়েছেন। ১৯৮২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালে তৃতীয় হয়েছিল তার দল, চার বছর পর ১৯৯৪ সালে রানার্সআপ দলের সদস্য ছিলেন তিনি।
বারেসি তার পুরো ক্যারিয়ার কাটান মিলানে। ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ২০ বছর ক্লাবটির জার্সি পরেছিলেন। তিনি আরিগো সাচ্চির মিলানে অপরিহার্য ছিলেন এবং ফাবিও ক্যাপেলোর অধীনেও দলের প্রধান স্তম্ভ ছিলেন।
এফএইচএম
