নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম্পূর্ণ হলেও এখনো দলের সঙ্গে যোগ দেননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুম শুরুর দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকায়, তার অনুপস্থিতিই এখন সৌদি ক্লাবটির একমাত্র অপূর্ণতা।
গত ১৯ জুলাই থেকে পর্তুগালের রাজধানী লিসবনে প্রাক-মৌসুম ক্যাম্প করছে আল-নাসর। শুরুতে কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত থাকলেও ধীরে ধীরে সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন। সৌদি সাংবাদিক রতিবান আল-দোসারির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় লিসবনে পৌঁছেছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও সেনেগালিজ তারকা সাদিও মানে। এর আগে বুধবার রাতে অনুশীলনে যোগ দেন ডিফেন্ডার আব্দুলইলাহ আল-আমরি।
এতে আল-নাসরের পুরো স্কোয়াডে এখন কেবল রোনালদোরই অপেক্ষা। গত ৬ জুলাই পর্তুগালের হয়ে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর থেকেই ছুটিতে আছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে সৌদি সংবাদমাধ্যমের খবর, খুব শিগগিরই লিসবনে দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
আগামী ১৫ আগস্ট আল-ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগে নতুন মৌসুম শুরু করবে আল-নাসর। সাত বছর পর গত মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধার করা দলটি এবারও শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। সেই অভিযানের আগে রোনালদোর ফেরার অপেক্ষায় পুরো দল।
এইচজেএস
