বিজ্ঞাপন

আবার সেই পিটার বাংলাদেশের হকিতে

আবার সেই পিটার বাংলাদেশের হকিতে

জার্মান কোচ গেরহার্ড পিটার আবার বাংলাদেশের কোচ হয়ে এসেছেন। আসন্ন এশিয়ান গেমসের জন্য তাকে হেড কোচ করেছে হকি ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্য রাতে তিনি ঢাকায় এসেছেন। আগামীকাল শনিবার থেকে অনুশীলন শুরু করবেন।

এক যুগ আগে পিটারের হাত ধরে বাংলাদেশের খেলোয়াড়দের ইউরোপে খেলার পথ উন্মুক্ত হয়েছিল। ২০০৯ সালে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে এসেছেন। মোহামেডান ও মেরিনার্স ক্লাবের কোচের পদেও ছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে পুনরায় পিটারকে কোচ করায় আবার আলোচনা হয়েছে। যদিও আধুনিক ও গতিশীল হকিতে পিটার এখন তেমন চলনসই নন বলে ধারণা হকিসংশ্লিষ্ট অনেকের।

গেরহার্ড পিটার আবার বাংলাদেশের কোচ হচ্ছেন এটা সপ্তাহ দুয়েক আগে থেকেই হকি অঙ্গনে আলোচিত ছিল। ফেডারেশনের কমিটি পুনঃগঠনের পরই পিটারের বিষয়টি চুড়ান্ত হয়। যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচ ছিলেন ডাচ আইকনম্যান ৷ এই মানের হাই প্রোফাইল কোচের পরিবর্তে ফেডারেশন আবার পিটারে ফিরেছে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স পিটারকে আনার ব্যাপারে ভুমিকা রেখেছেন।

ঢাকায় পৌঁছে পিটার গেরহার্ড তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, "আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফলাফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের এই পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব।"

বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এবং হকি ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে এই জার্মান কোচ বলেন, "আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি, আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।"

এজেড/এমটিআই

বিজ্ঞাপন