বিজ্ঞাপন

ভোজিনহার জন্য বদলে গেল লিগের নিয়ম

ভোজিনহার জন্য বদলে গেল লিগের নিয়ম

বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের তারকা গোলকিপার ভোজিনহা চিলির ফুটবলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় একটি বিশেষ অনুমতি পেয়েছেন। চিলির প্রিমেরা ডিভিশন ফুটবল লিগ কর্তৃপক্ষ সর্বসম্মতিক্রমে নিয়ম শিথিল করে তার জার্সিতে আসল নামের বদলে জনপ্রিয় ডাকনাম ভোজিনহা লেখার অনুমোদন দিয়েছে।

চিলির লিগের আগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সিতে বাধ্যতামূলকভাবে কেবল সারনেম বা বংশগত পদবি ব্যবহার করতে হতো। ৪০ বছর বয়সী এই গোলকিপারের জন্য চিলির ক্লাবগুলো একযোগে নিয়ম সংশোধনের পক্ষে ভোট দেয়।

লোকাল মিডিয়ার তথ্য অনুযায়ী, কোলো-কোলো ক্লাবে যোগ দেওয়ার ক্ষেত্রে জার্সিতে নিজের পছন্দমত ডাকনাম লিখতে দেওয়ার দাবিটি ভোজিনহার প্রধান শর্তগুলোর একটি ছিল।

চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো-কোলোতে ভোজিনহার যোগ দেওয়া নিশ্চিত করা হলেও চূড়ান্ত চুক্তিপত্রে এখনও সই হয়নি। মঙ্গলবার তার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিমানে ওঠেননি।

কোলো-কোলোর পরিচালক হেইমে পিজারো ও কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন যে খেলোয়াড়ের এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোচ জানান, ভোজিনহা এই ক্লাবে খেলতে দারুণ উৎসাহিত এবং খুব দ্রুতই ব্যক্তিগত সমস্যা কাটিয়ে তিনি দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

জার্সির নাম সংক্রান্ত শর্ত পূরণ হলেও, ব্যক্তিগত বিবিধ কারণে চিলিতে এসে পৌঁছাতে দেরি হওয়ায় ভোজিনহার কোলো-কোলোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে ভক্ত ও ক্লাবের মধ্যে কিছুটা উৎকণ্ঠা কাজ করছে।

এমএমএম/