বিজ্ঞাপন

ফিফার প্রতি আস্থা হারিয়ে বড় পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে উয়েফা

ফিফার প্রতি আস্থা হারিয়ে বড় পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে উয়েফা

বিশ্বকাপসহ সব ইভেন্ট বেসরকারিকরণের পরিকল্পনা করে তোপের মুখে পড়েন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফা ও কনকাকাফের পর এএফসির চাপের কাছে নতি স্বীকার করে সেই পরিকল্পনা বাতিল করলেও এই প্রশাসক ছাড় পাচ্ছেন না। তার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে উয়েফা।

ইউরোপের ফুটবল পরিচালন সংস্থা এক বিবৃতি দিয়ে সুইসের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে এবং দ্য টাইমস-এর মতে, তারা একটি অনাস্থা প্রস্তাব জমা দিতে চলেছে। গত সপ্তাহে, ইনফান্তিনো এক ঘোষণায় জানান, ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের এক নতুন কোম্পানির কাছে বিক্রি করতে চেয়েছিল। 

১৯ সেপ্টেম্বরের আগে এই প্রস্তাবনায় সম্মতি দিলে ২১১ সদস্য অ্যাসোসিয়েশনকে ৪০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফিফা। তবে তাদের এই প্রস্তাবনার তীব্র বিরোধিতা করে উয়েফা ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনসহ অন্যরা। পরে ইনফান্তিনো সেই পরিকল্পনা থেকে পিছু হটেছেন।

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিল করলেও ক্ষান্ত হচ্ছে না উয়েফা। শনিবার তারা বিবৃতি দিয়ে বলেছে, ‘ফিফার বিশ্বকাপসহ তাদের সব প্রতিযোগিতা বেসরকারি কোম্পানিগুলোর কাছে বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছে উয়েফা। উয়েফার সব জাতীয় অ্যাসোসিয়েশন ও অন্য আরও ফেডারেশন ও কনফেডারেশন সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছিল। ফুটবল রক্ষা করতেই তারা এই পদক্ষেপ নিয়েছিল।’

তারা আরও বলেছে, ‘বেনামী ব্যক্তিদের দ্বারা প্রণীত গোপন পরিকল্পনাগুলো দ্রুত গতিতে বাস্তবায়িত হতে থাকলে এবং খেলাধুলার জন্য যার উপযোগিতা প্রশ্নবিদ্ধ হলে, আমরা এভাবে চলতে পারি না। আমাদের অবশ্যই এর জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা সঠিক সিদ্ধান্ত যে, উয়েফা তাদের সহযোগী সংস্থাগুলোর সাথে একত্রে এবং অন্যান্য কনফেডারেশনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আগামী দিনে ও সপ্তাহগুলোতে আলোচনা করবে কীভাবে এমনটি ঘটতে পারল। পাশাপাশি ভবিষ্যতে যাতে আবার এমন কিছু না ঘটতে পারে তা নিশ্চিত করতে একটি পরিকল্পনা তৈরি করবে। সেই মূল্যায়নটি পুঙ্খানুপুঙ্খ ও মৌলিক হওয়া দরকার, যেখানে কোনো বিকল্পকেই বাদ দেওয়া যাবে না। বর্তমান ফিফা নেতৃত্ব কেবল উয়েফার আস্থাই হারায়নি, বরং ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থা হারিয়েছে।’

তারা আরও যোগ করেছে, ‘২০১৬ সালে যখন জিয়ান্নি ইনফান্তিনো ফিফার সদস্য সমিতিগুলোর কাছে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য আস্থা ও ভোট চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি স্বচ্ছ থাকবেন এবং জাতীয় অ্যাসোসিয়েশন ও ফিফার অর্থ ফুটবল উন্নয়ন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হবে না।’

ইনফান্তিনো সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলল উয়েফা, ‘তিনি এর কোনো প্রতিশ্রুতিই রাখেননি। যে অপমানজনক গোপন চুক্তি তিনি তৈরি করেছিলেন এবং জোরপূর্বক বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, তা স্বচ্ছতার ধারেকাছেও ছিল না।’

বিতর্কিত পরিকল্পনাটির তীব্র প্রতিক্রিয়ায় উয়েফা মন্তব্য করে, ‘উয়েফা অনতিবিলম্বে বিশ্বজুড়ে এবং পুরো ক্রীড়া জগতের অংশীদার ও স্টেকহোল্ডারদের সাথে কাজ শুরু করবে, যাতে বিদ্যমান 'ফিফা ফরোয়ার্ড' প্রোগ্রামের মাধ্যমে সম্পদ বণ্টনের একটি নতুন উপায় প্রস্তাব করা যায়।’

তারা শেষ করেছে এভাবে, ‘তার পরিকল্পনা প্রত্যাহার পুরো ক্রীড়া জগতের জন্য বিজয়। কিন্তু এখানেই গল্পের শেষ হওয়া চলবে না। প্রস্তাবনাটি বাতিল হলেও ফিফায় আস্থা ফেরানোর কাজ কেবলমাত্র শুরু।’ দ্য টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, উয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিচ্ছে।

এফএইচএম 

বিজ্ঞাপন