তুরস্কেই ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ, তবে বেসিকতাসে নয়। দলবদল বিষয়ক সাংবাদিক সান্তি অউনা ও ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে বেসিকতাসের কাছ থেকে সালাহকে কেড়ে নিয়েছে ট্রাবজোনস্পোর।
বেসিকতাস ইতোমধ্যে জানিয়ে দিয়েছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছে গেছে তারা। এক বছরের চুক্তি। আরেক মৌসুমে তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। এছাড়া তার জন্য বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন ঠিক করেছিল।
কিন্তু বেসিকতাসের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর ঝাঁপিয়ে পড়ল। সালাহকে আরও লোভনীয় বেতনের প্রস্তাব দিয়েছে। ফুট মেরকাতো-এর সাংবাদিক অউনা জানিয়েছেন, খুব শিগগিরই একটি সম্মতিতে পৌঁছাতে যাচ্ছে দুই পক্ষ।
ট্রাবজোনস্পোর এগিয়ে আসায় ক্ষুব্ধ বেসিকতাস। তারা শেষ আলাপ আলোচনা স্থগিত রেখেছে। অনেক মিডিয়া আউটলেট একে ‘চাঞ্চল্যকর মোড়’ হিসেবে অভিহিত করেছে।
লিভারপুলে ৯ বছর কাটিয়ে ইউরোপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। যদিও তার সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। ২০১৯ সালে লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই মিসরীয় ফরোয়ার্ড ফ্রি ট্রান্সফারে নতুন ঠিকানার খোঁজে।
এফএইচএম
