চোটে পড়া লিটন দাসকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আজ অনেকটা চমকে দিয়ে উইকেটকিপার এই ব্যাটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি গত এক সপ্তাহে লিটনের পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পরই তাকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিটনের পুনর্বাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
নাফিস বলেন, '২৬ জুলাই পর্যন্ত লিটনের ফিজিক্যাল কন্ডিশন সন্তোষজনক ছিল না। কিন্তু গত সাত দিনে ওর রিকভারি খুব ভালো হয়েছে। মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড মনে করেছে সামনে আরও দ্রুত উন্নতি সম্ভব।'
নাফিস জানান, এখনও লিটনের পুনর্বাসনের কিছু অংশ বাকি রয়েছে। ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলে প্রথম টেস্টেই খেলতে পারবেন তিনি। আরও যোগ করেন, 'অস্ট্রেলিয়ায় গিয়ে ওর বাকি রিহ্যাব হবে। এরপর ফিটনেস টেস্ট হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবে। না হলে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা থাকবে।'
লিটনের ইনজুরি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলেও জানান নাফিস, 'ইনজুরিটা অদ্ভুত কিছু ছিল না। আমরা সব সময় জানতাম সমস্যা কোথায়। শুধু রিকভারি প্রত্যাশিত সময়ের মধ্যে হয়নি। কিন্তু গত সাত দিনের অগ্রগতি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে এখন সে সফর করার মতো অবস্থায় আছে।'
এসএইচ
