ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ ইমার্জিং দল। এদিন আফ্রিকান পেসার দায়ান গালিমের পেস আগুনে পুড়ে ছারখার তাদের ব্যাটাররা। ব্যাটারদের ব্যর্থতায় এদিন ৮৯ রানে অলআউট জাকির হাসানের দল।
৯০ রানের লক্ষ্যে পরে ব্যাট করতে নেমে সহজেই জিতেছে আফ্রিকা দল। ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান তিনটি উইকেট সংগ্রহ করে। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে দায়ান গালিমের লেংথ ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টায় টপ এজ হয়ে থার্ডম্যানে ক্যাচ দেন জাকির হাসান। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম রবিন ও শাহদাত হোসেন দিপু মিলে জুটি গড়ার চেষ্টা করেন। যদিও ৮ রানের বেশি করতে পারেননি দিপু।
পরে বায়ান্দা মাজোলার লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন ইফতিখার হোসেন। মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ২৮ বলে মাত্র ২ রান করে। সবার আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখেছিলেন মাহফিজুল রবিন। তবে ৪০ রানে থাকা অবস্থায় গালিমের শর্ট ডেলিভারিতে পুল করেছিলেন তিনি। টপ এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিতে হয়েছে তাকে। যদিও তার আউট নিয়ে রয়েছে বিতর্ক।
শেষের দিকে আর কেউই সুবিধা করতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে রাতুল ফিরলে নব্বইয়ের আগে অলআউট হয় বাংলাদেশ। মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন গালিম, আন্দিলে পান দুইটি।
এসএইচ/এফএইচএম
