বিজ্ঞাপন

কিকি রামোস: ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে আর্জেন্টিনার উজ্জ্বল সম্ভাবনা

কিকি রামোস: ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে আর্জেন্টিনার উজ্জ্বল সম্ভাবনা

বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই অনূর্ধ্ব-১৭ দলের প্রস্তুতিমূলক এই প্রীতি ম্যাচটি ইতিহাসের পাতায় লেখা থাকবে হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোসের অভিষেকের জন্য।

এই ফরোয়ার্ড নিজেকে ‘কিকি’ নামেই ডাকেন। ২০১০ সালে হাইতিতে হওয়া ভয়াবহ ও ধ্বংসাত্মক ভূমিকম্পের পর মাত্র ৯ মাস বয়সে এক আর্জেন্টাইন দম্পতি তাকে দত্তক নেন এবং তিনি আর্জেন্টিনায় আসেন।

২০০৯ সালের ৩ এপ্রিল ক্যারিবিয়ান দেশটিতে জন্ম রামোসের। ভয়াবহ ভূমিকম্পের এক বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী জ্য-ম্যাক্স বেলেরিভে ওই ট্র্যাজেডিতে সোয়া তিন লাখ মানুষের মৃত্যুর হিসাব দিয়েছিলেন। ভয়াবহ সেই ভূমিকম্প থেকে বেঁচে যান ছোট্ট রামোস। তিনিই এখন ভিনদেশে এসে দেশটির ফুটবলের অন্যতম উজ্জ্বল সম্ভাবনা হিসেবে নিজেকে চিনিয়েছেন। 

আর্জেন্টিনায় আসা রামোস বর্তমানে ভেলেজ সার্সফিল্ডের যুব দলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার এই পারফরম্যান্স চোখ এড়ায়নি অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের দায়িত্বে থাকা সাবেক আর্জেন্টাইন আন্তর্জাতিক তারকা দিয়েগো প্লাসেন্তের।

Kiki Ramos /

কাতারে আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই প্রীতি ম্যাচগুলো খেলছে আর্জেন্টিনা। বিশ্বকাপে তারা অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও মোজাম্বিকের সাথে ‘সি’ গ্রুপে অবস্থান করছে।

এএফএ আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে কিকি রামোস নিজের চমৎকার শারীরিক গঠন, রক্ষণভাগের খেলোয়াড়দের পরাস্ত করার মতো দুর্দান্ত অ্যাথলেটিক সক্ষমতা এবং গোল করার দক্ষতা দিয়ে নজর কাড়তে শুরু করেন। এসব গুণের কারণেই তিনি আর্জেন্টিনা জাতীয় দলের স্কাউটদের দৃষ্টি আকর্ষণ করেন। আর্জেন্টিনার অন্যতম প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে গড়ে ওঠার সব প্রতিভা তার মধ্যে রয়েছে।

রামোস যদি ২০২৬ কাতার বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পান, তবে ১৯৭৩ সালে প্যারাগুয়ের হেরিবের্তো কোরেয়ার পর তিনিই হবেন আর্জেন্টিনার জার্সি পরা প্রথম কোনো খাঁটি বিদেশি খেলোয়াড়। কোরেয়া পরবর্তীতে আর্জেন্টিনার নাগরিকত্ব গ্রহণ করে আলবিসেলেস্তেদের জার্সি গায়ে জড়িয়েছিলেন।

রামোস এবং কোরেয়ার মধ্যে আরও একটি চমৎকার মিল রয়েছে। দীর্ঘ ৫৩ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও দুজনেই ভেলেজ সার্সফিল্ডের ক্লাবের জার্সি গায়ে থাকা অবস্থায় জাতীয় দলে ডাক পেয়েছেন।

এফএইচএম