নাপোলির নতুন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির পরিকল্পনায় জায়গা হারাতে বসেছেন রোমেলু লুকাকু। ইতালিয়ান ক্লাবটি ছাড়ার সম্ভাবনা জোরালো হওয়ায় বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড।
২০২৪ সালে চেলসি থেকে তিন বছরের চুক্তিতে নাপোলিতে যোগ দেন লুকাকু। প্রথম মৌসুমে দলকে সিরি ‘আ’ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ২০২৫-২৬ মৌসুমে চোটের কারণে লিগে খেলতে পেরেছেন মাত্র পাঁচ ম্যাচ।
৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার এখন আর নাপোলির প্রথম একাদশের সদস্য নন। বিশেষ করে রাসমুস হয়লুন্ড দলে যোগ দেওয়ার পর আক্রমণভাগে প্রতিযোগিতা আরও বেড়েছে। সম্প্রতি লুকাকুর এজেন্ট জানিয়েছেন, ‘যেখানে তাকে আর প্রয়োজন মনে করা হয় না, সেখানে থাকার মানুষ নন লুকাকু।’
বেলজিয়ান সাংবাদিক সাশা তাভোলিয়েরির তথ্য অনুযায়ী, লুকাকুকে দলে নিতে জোর চেষ্টা চালাচ্ছে আটলান্টা ইউনাইটেড। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং নাপোলি ছাড়ার ব্যাপারে নীতিগত সম্মতিও দিয়েছেন লুকাকু। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ কোটি ইউরোর প্রস্তাব পেলেই লুকাকুকে ছাড়তে রাজি নাপোলি। তবে সম্ভাব্য ক্রেতাদের জন্য বড় বাধা হতে পারে তার বেতন। বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ ইউরো পারিশ্রমিক পান বেলজিয়ান এই ফরোয়ার্ড।
এইচজেএস
