বর্তমানে বাংলাদেশ দলের ৪ পেসার ও এক ব্যাটার ইনজুরিতে ভুগছেন। তাদের চোট অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। টেস্ট সিরিজের বিমানে উঠতে পারেননি নাহিদ রানা, শরিফুল ইসলামরা। রানার ইনজুরি থেকে ফিরতে সময় লাগবে বেশ কিছু দিন।
উন্নত চিকিৎসার জন্য গেল মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিমান ধরেন নাহিদ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানার খেলতে না পারায় আফসোস বিসিবি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'সত্যি কথা বলতে আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে কবে দেখবো নাহিদ অস্ট্রেলিয়ান ব্যাটারদের বাউন্সার মারছে।'
'আমি নিজেও অনেক রোমাঞ্চিত ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় নাই, এখানে হা-হুতাশ করে লাভ নাই। আমি মনে করি অন্য বোলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি তরে বল করতে পারে আমি মনে করি তারাও অনেক ভালো করবে।'-যোগ করেন তিনি।
পরে টেস্ট দল নিয়ে সালাউদ্দিন বলেন, 'আমাদের বাইরে যে চারটা টেস্ট আছে আমি আশা করব যে এখান থেকে যদি আমরা ভালো কিছু ম্যাচ বের করতে পারি। দেশে আমাদের চারটা ম্যাচ আছে সেই চারটা যদি জিতে যাই তাহলে আমার মনে হয় শীর্ষ এক, দুই ও তিনের মধ্যে থাকতে পারব।'
'টেস্ট দল নিয়ে আমি সবসময় আশাবাদী। আমার কাছে মনে হয় টেস্ট দলে যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের লক্ষ্যটা তারা ভালো জানে, অন্যদের চেয়ে গোছানো। আমার কাছে মনে হয় এখানে ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না। তাদের ইচ্ছে বা লক্ষ্য বলেন... বাস্তবিক অর্থে তারা অনেক ভালো কিছু চিন্তা করে।'
এসএইচ/এইচজেএস
