শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না জাসপ্রীত বুমরাহ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও বাঁ পায়ের অস্বস্তি পুরোপুরি না কাটায় শেষ পর্যন্ত তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুতে চোট পান বুমরাহ। সে কারণে লর্ডসে তৃতীয় ম্যাচ খেলতে পারেননি। এরপর ধারণা করা হয়েছিল, শ্রীলঙ্কা সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। কয়েক দিন আগে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ফিটনেস পরীক্ষায়ও পাস করেছেন এই পেসার।
তবে বোর্ডের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতের কথা বিবেচনা করেই ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই,। তিনি বলেন, ‘অতীতে তাড়াহুড়ো করে ক্রিকেটারদের মাঠে ফেরানোর পর আবারও চোট পেয়েছে। বুমরাহের মতো বোলারের ক্ষেত্রে সেই ঝুঁকি নিতে চাই না। সামনে এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের শুরুতে বর্ডার-গাভাস্কার সিরিজ রয়েছে।’
বোর্ড ইতোমধ্যে নির্বাচকদের বিষয়টি জানিয়েছে। বুমরাহর পরিবর্তে দলে ডাক পেতে পারেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি দার।
২৯ বছর বয়সী আকিব এখনো ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে গত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন। গত রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি। প্রথম শ্রেণির ৪৩ ম্যাচে তার উইকেট ১৬২টি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষেও আনঅফিসিয়াল টেস্টে ভালো বোলিং করেছিলেন।
এইচজেএস
