বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী ফিফা নিষেধাজ্ঞা থাকায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারেনি। আন্তর্জাতিক আসরের মতো ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়ছে দেশের ফুটবলের শীর্ষ দুই ক্লাবের। ৩ সেপ্টেম্বর পর্যন্ত দলবদলের সময়সীমা থাকলেও ৪ আগস্টের মধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নেয়া দলগুলোকে বাফুফে ফাস্ট ইন্সট্যান্ট বডিতে (এফআইবি) ক্লাব লাইসেন্সিং আবেদন করতে হয়। ফিফা নিষেধাজ্ঞা ও ফুটবলারদের দেনা-পাওনা থাকলে লাইসেন্সিং সনদ পাওয়া যায় না। এই প্রক্রিয়ার বাফুফের অধীনে থাকায় সময় বাড়ানোর সুযোগও থাকে। ঢাকা আবাহনীর কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু সেই আশায় রয়েছেন, 'আমাদের তিনটি ফিফা নিষেধাজ্ঞা ছিল। দু'টো ইতোমধ্যে প্রত্যাহার হয়েছে, আরেকটি প্রক্রিয়াধীন। ৪ আগস্টের মধ্যে সম্পন্ন না হলে আমরা সময় চাইব। আশা করি ফেডারেশন বিষয়টি অবশ্যই বিবেচনা করবে।'
বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞার সংখ্যা ১১। আজকের বাফুফে নির্বাহী কমিটির জরুরি সভা লিগ সংক্রান্ত বিষয় হলেও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান অনুপস্থিত ছিলেন। ফলে বসুন্ধরা কিংসের সর্বশেষ অবস্থা কি এই ব্যাপারে ফেডারেশনের অন্যরা অজ্ঞাত। তবে বসুন্ধরা কিংসের কর্মকর্তা বায়েজিদ জোবায়ের আলম নিপু বলছেন, 'আজ আমাদের ক্লাবের মিটিং ছিল। সেখানে ৭-৮ আগস্ট খেলোয়াড়দের আসতে বলা হয়েছে। এর মধ্যে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবন্ধন করতে পারব আশা করছি।'
বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা নিষ্পত্তি করতে হলে কয়েক কোটি টাকা ব্যয় করতে হবে। এত বড় অঙ্কের অর্থ বৈদেশিক মুদ্রায় পরিশোধে প্রয়োজনীয় অনুমতি এবং সময় প্রয়োজন। খেলোয়াড়-কোচরা পাওনা বুঝে পাওয়ার পর ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে খানিকটা সময়সাপেক্ষ ব্যাপার। নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে ১৩ আগস্টের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা তাই বড় অনিশ্চয়তা। বসুন্ধরা কিংস ফুটবলারদের সাথে মৌখিক কথা বললেও ঢাকা আবাহনী এখনো সেভাবে ফুটবলারদের সাথে আলোচনাও করেনি।
৩ সেপ্টেম্বর পর্যন্ত দলবদল থাকলেও ২১ আগস্ট থেকেই ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হবে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডো রয়েছে। জাতীয় দলের প্রস্তুতির জন্য বাফুফে ঘরোয়া প্রতিযোগিতায় কয়েকটি ম্যাচ আয়োজন করতে চায়। সেপ্টেম্বর ফিফা উইন্ডোর আগে খেলাতে হলে ১৩ আগস্টের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে। ১৩ আগস্ট-৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধিত ফুটবলাররা সেপ্টেম্বর ফিফা উইন্ডোর পর আবার খেলতে পারবে। ঢাকা আবাহনীর কর্মকর্তা রুপু আজ বাফুফের সভায় পরিস্থিতি বিবেচনায় খেলা খানিকটা পেছানোর অনুরোধ করলেও জাতীয় দলের স্বার্থে আগস্টেই ঘরোয়া ফুটবল শুরুর ব্যাপারে অনড় ফেডারেশন।
এজেড/এইচজেএস
