চার বছর আগে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন জো রুট। তবে আবার সেই দায়িত্বে ফিরছেন তিনি। নতুন করে অধিনায়কত্বে রাজি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে নতুন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের নামই উল্লেখ করেছেন ইংলিশ এই ব্যাটার।
গত বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্টিফেন ফ্লেমিংকে টেস্ট দলের প্রধান কোচ এবং জো রুটকে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়। বিদায় নেন ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস।
ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি জানান, নতুন অধিনায়ক হিসেবে রুটকে ফেরানোর সিদ্ধান্তে ফ্লেমিংয়ের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে তিনি বলেন, স্টোকসের সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের জন্য অধিনায়কত্ব নেওয়ার সময় এখনও আসেনি।
২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে নিজের প্রথম অধিনায়কত্বের মেয়াদে রুট খেলেছেন ট্রেভর বেলিস ও ক্রিস সিলভারউডের অধীনে। দায়িত্ব ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন পল কলিংউড। আর গত মাসে দ্য ওভালে স্টোকসের অনুপস্থিতিতে এক টেস্টের জন্য ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গেও কাজ করেন তিনি।
ইসিবিকে দেওয়া সাক্ষাৎকারে রুট বলেন, 'সত্যি বলতে, ফ্লেমিংয়ের নিয়োগই আমার দায়িত্ব নিতে রাজি হওয়ার বড় কারণ। তিনি ক্রিকেটকে যেভাবে দেখেন, দলকে কোথায় নিয়ে যেতে চান এবং সেখানে পৌঁছাতে কী করতে হবে—এসব বিষয় আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।'
তিনি আরও বলেন, 'তার সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই তার অভিজ্ঞতা অসাধারণ। আশা করছি, আমরা একসঙ্গে বিশেষ কিছু গড়ে তুলতে পারব।'
ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৫টি টেস্টে অধিনায়কত্ব করেছেন রুট। প্রথম মেয়াদে তার নেতৃত্বে দল জিতেছে ২৭টি ম্যাচ, হেরেছে ২৭টি এবং ড্র করেছে ১১টি।
এইচজেএস
