বিজ্ঞাপন

ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস

ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ২০২৭-২০৩১ মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে নিজেদের সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস। ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ওয়েলস এই সিদ্ধান্ত জানাল।

মূলত বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব দেখভালের জন্য একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে তাতে প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৪.২ বিলিয়ন (৪২০ কোটি) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল। তবে বিভিন্ন সংস্থ ও অংশীদারদের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

পরিকল্পনাটি ধসে পড়ার পর প্রথম জাতীয় অ্যাসোসিয়েশন হিসেবে ওয়েলস স্পষ্ট জানিয়ে দেয়, তারা আর ইনফান্তিনোর পাশে নেই। এক বিবৃতিতে ওয়েলশ ফুটবল সংস্থা জানায়, সুশাসনের অভাব, দুর্বল নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা ও অংশীদারদের সঙ্গে সঠিক যোগাযোগের ঘাটতির কারণেই তারা প্রেসিডেন্ট ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে। ফুটবলের মূল স্বার্থ রক্ষা করতে না পারাকে একটি বড় ব্যর্থতা বলে উল্লেখ করেছে সংস্থাটি।

একই সঙ্গে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা এবং কনকাকাফ ও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা ইতোমধ্যেই প্রয়োজনীয় তথ্য ও নথি সুরক্ষার জন্য একটি নির্দেশিকা জারি করেছে।

২০১৬ সালে সেপ ব্লাটারের পর দায়িত্ব নেওয়া ইনফান্তিনো আগামী বছরের মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এত দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেও এবারের এই নজিরবিহীন বিতর্ক তার আগামী দিনের পুনর্নির্বাচনের পথকে বেশ কঠিন করে তুলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এমএমএম/

বিজ্ঞাপন