বিজ্ঞাপন

আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই নিউক্যাসলের ক্যাম্পে গুইমারেস

আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই নিউক্যাসলের ক্যাম্পে গুইমারেস

আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মাঝেই নিউক্যাসল ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন ব্রুনো গুইমারেস। এতে আপাতত আর্সেনালে তার মেডিকেল নিয়ে ছড়িয়ে পড়া খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় ৮০ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিতে সোমবার মেডিকেল করানোর কথা ছিল ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের। তবে আজ সকালে স্কাই স্পোর্টস জানায়, গুইমারেস আসলে স্পেনের লা মাঙ্গায় নিউক্যাসলের অনুশীলন ক্যাম্পে যাচ্ছেন।

দ্য ক্রনিকলের তথ্য অনুযায়ী, জুলাই মাসেই নিউক্যাসলকে আর্সেনালে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন গুইমারেস। এরপর ক্লাবের সঙ্গে সমঝোতা অনুযায়ী রোববার রাতে ব্রাজিল থেকে বাণিজ্যিক ফ্লাইটে স্পেনের উদ্দেশে রওনা হন তিনি। স্পেনে পৌঁছে নতুন কোচ ম্যাথিয়াস ইয়াইসলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন নিউক্যাসল অধিনায়ক। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ না হলেও ইয়াইসল ইতোমধ্যে দলের সঙ্গে প্রাক-মৌসুম ক্যাম্পে আছেন।

গুইমারেস দল ছাড়তে পারেন—এমন সম্ভাবনা মাথায় রেখে ইতোমধ্যে বিকল্প খুঁজতে শুরু করেছে নিউক্যাসল। সম্ভাব্য বিকল্পদের তালিকায় রয়েছে ইন্টার মিলান ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেতার সুচিচ।

এ দিকে গুইমারেসের মতোই সোমবার নিজ ক্লাবে ফিরেছেন তার ব্রাজিল দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রও। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে অচলাবস্থার কারণে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আর্সেনাল। তবে শনিবার ফিওরেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের পর রিয়াল কোচ জোসে মরিনিয়ো নিশ্চিত করেন, ভিনিসিয়ুস নির্ধারিত সময়েই অনুশীলনে ফিরবেন। সোমবার ব্রাহিম দিয়াজ ও নতুন সাইনিং বের্নার্দো সিলভার সঙ্গে ক্লাবের ভালদেবেবাস প্রশিক্ষণ কেন্দ্রে দেখা গেছে তাকে।

এবারের গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত দুটি নতুন খেলোয়াড় দলে নিয়েছে আর্সেনাল। ক্লাব ব্রুজ থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডে উইঙ্গার ক্রিস্টোস জোলিসকে দলে ভেড়ানোর পাশাপাশি লিডস ইউনাইটেড ছেড়ে আসা গোলরক্ষক ইলান মেসলিয়েকে ফ্রি ট্রান্সফারে নিয়েছে তারা।

এইচজেএস