বিসিবির অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর কবির। তার হাত ধরেই অনেক ক্রিকেটার এখন জাতীয় দলের নিয়মিত মুখ। তাদের অন্যতম একজন নাহিদ রানা। তবে চোটের কারণে এই পেসার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দলে নেই। রানার এই চোটকে ইতিবাচক হিসেবেই দেখছেন তার ছোট বেলার কোচ আলমগীর। তিনি মনে করেন এই চোটের কারণে নাহিদ আরও সতর্ক হবেন।
আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আলমগীর বলেন, 'আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুরি বা না খেলতে পারাটা গুড লাক। নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজের যত্ন নিতে পারবে। যে ইনজুরিটা হয়েছে, কখনো যেন এমন না হয় বা নিজেকে কীভাবে যত্ন করবে তা শিখবে, সে নিজে থেকেই এখন আরও চেষ্টা করবে।'
আলমগীর কবিরের বিশ্বাস নাহিদ না থাকলেও মুশফিক হাসান অস্ট্রেলিয়ায় চমক দেখাতে পারেন, 'নাহিদের ঘাটতি পূরণ করতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস, সে চমকে দেওয়ার মতো কিছু করবে। কারণ আমরা স্থানীয় ক্রিকেটে, জাতীয় ক্রিকেট লিগে ওর খেলা দেখছি। যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক। অনেক সময় ধরে বোলিং করতে পারে। আমার বিশ্বাস, যদি তাকে খেলানো হয়, ভালো কিছু করবে।'
মুশফিককে নিয়ে মুগ্ধতার কথা জানিয়ে এই কোচ বলেন, 'আমি অনূর্ধ্ব-১৭ দলে দেখছি (মুশফিক হাসানকে)। সে ভালো, এনার্জেটিক, অনেকক্ষণ বোলিং করতে পারে এবং জোরেও বল করতে পারে। হয়তো আগেও সুযোগ পেয়েছিল, কিন্তু ম্যাচ খেলানোর সুযোগ হয়নি। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ায় গেছে, সেখানে ভালো করবে।'
এসএইচ/এইচজেএস
