যুক্তরাষ্ট্র ফুটবল দলের হেড কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন মাউরিসিও পচেত্তিনো। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সকার। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্র দলের ডাগআউটে দেখা যাবে এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে।
তার অধীনে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬-তে জায়গা করে নেয় আমেরিকা। গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারানোর পর শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে পরাজিত করে তারা। তবে রাউন্ড অব ১৬-তে বেলজিয়ামের কাছে হেরে দলটির বিশ্বকাপ যাত্রা শেষ হয়।
শুধু সিনিয়র দলই নয়, পচেত্তিনো ও তার কোচিং স্টাফ মার্কিন ফুটবলের সামগ্রিক অবকাঠামো, যুব ফুটবল ডেভেলপমেন্ট এবং জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে কাজ করবেন।
২০৩০ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ২০২৭ ও ২০২৯ সালের নেশনস লিগ ও গোল্ড কাপে অংশ নেবে। এছাড়া ২০২৮ কোপা আমেরিকার সম্ভাব্য আয়োজক হিসেবেও মার্কিন দল বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
চুক্তি স্বাক্ষর শেষে পচেত্তিনো জানান, ‘গত দুই বছর ইউএস সকারের সঙ্গে কাজ করে আমার মনে হয়েছে এই জাতীয় দল প্রোগামটিকে আরও শক্তিশালী করার প্রচুর সম্ভাবনা রয়েছে। ফুটবলপ্রেমীদের আবেগ আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। মাঠের ফলাফলের বাইরে গিয়েও দেশের ফুটবলে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া আমাদের মূল লক্ষ্য।’
এমএমএম/
